কাবেরী নদীর জল বণ্টনকে কেন্দ্র করে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এখনও মেটেনি। এবার এই ইস্যুতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যে জলসঙ্কটের কথা তুলে ধরে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। কর্ণাটককে কাবেরী নদী থেকে জল ছাড়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করার পাশাপাশি তামিলনাড়ু সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।
তামিলনাড়ু সরকারের বক্তব্য, রাজ্যে তীব্র জলাভাব দেখা দিয়েছে। পর্যাপ্ত জলের অভাবে সমস্যায় পড়ছেন কৃষকরা। এই পরিস্থিতিতে কাবেরী নদী থেকে তামিলনাড়ুর জন্য বরাদ্দ জলের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে কর্ণাটকের বরাদ্দ কমানোর পক্ষেও সওয়াল করেছে বিজয় সরকার। তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় বেশি জল নিজেদের কাছে আটকে রেখেছে কর্ণাটক। তাই প্রতিবেশী রাজ্যকে অতিরিক্ত ১ হাজার ১০০ কোটি কিউবিক ফুট জল দেওয়ার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় তামিলনাড়ু।
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি অপরেশ কুমার সিংহের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। কিন্তু এরপরেও শুক্রবার ফের একই বিষয়ে নতুন করে আদালতের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি বিক্রম নাথ। তিনি বলেন, “আপনাদের আবেদন খারিজ করা হয়েছে। আবার আজই আবেদন করেছেন? আইনজীবীদের পিছনে খরচ করার জন্য তামিলনাড়ু সরকারের মনে হয় অনেক টাকা আছে। আপনাদের এই সংক্রান্ত মামলা পরবর্তীকালেও খারিজ করব।”
অন্যদিকে, তামিলনাড়ুর অভিযোগের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে কর্ণাটক। তাদের দাবি, নিজেদের রাজ্যেও জলসঙ্কট চলছে। ফলে এই পরিস্থিতিতে তামিলনাড়ুকে অতিরিক্ত জল দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
এরই মধ্যে কাবেরী নদীর উপর প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে মেকেডাটু বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে কর্ণাটক। এই প্রকল্প বাস্তবায়িত হলে বেঙ্গালুরুর পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে রাজ্য সরকার। তবে প্রকল্পের ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছে তামিলনাড়ু। তাদের আশঙ্কা, মেকেডাটু বাঁধ তৈরি হলে কাবেরীর জলপ্রবাহে প্রভাব পড়বে। এর ফলে রাজ্যের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জলসঙ্কটও আরও বাড়তে পারে। তাই এই প্রকল্প নিয়েও দুই রাজ্যের মধ্যে বিরোধ অব্যাহত।







