ওষুধের গুণগত মান পরীক্ষায় ফের চাঞ্চল্যকর ফলাফল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, এক লপ্তে ১৫১টি ওষুধের নমুনা মান নিয়ন্ত্রণ পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি ওষুধকে জাল বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে ২৬টি নমুনা ফেল করেছে। রাজ্য ড্রাগ ল্যাবে আরও ৫টি নমুনায় ত্রুটি ধরা পড়েছে। গত মাসে বাজার থেকে সংগৃহীত এই ওষুধগুলির পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গিয়েছে।
সবচেয়ে চিন্তার বিষয়, বহুল ব্যবহৃত Rabeprazole এবং Domperidone ট্যাবলেটের তিনটি নমুনাই অকৃতকার্য হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ওষুধ বহু মানুষ নিয়মিত সেবন করেন, ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বহুগুণ বাড়ছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, কিছু ইনজেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গিয়েছে। এমনকি পরিশোধিত জল ব্যবহার ছাড়াই তৈরি হয়েছে একাধিক ইনজেকশন। মার্কিন সংস্থার ব্লাড ক্যান্সারের ওষুধ Venetoclax ট্যাবলেট ও ব্রেস্ট ক্যান্সারের ইনজেকশন Nandrolone Decanoate-এর নমুনাও জাল প্রমাণিত হয়েছে।
এছাড়া ব্যথানাশক Heparin ointment, অ্যান্টিবায়োটিক Amoxicillin ও Potassium Clavulanate, হজমের ট্যাবলেট Pantoprazole এবং রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ Telmisartan-এর নমুনাও ভেজাল ধরা পড়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চিকিৎসক মহল ও সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, বাজারে এত বিপুল পরিমাণ নকল ওষুধ পাওয়া যাওয়া জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ সংকেত।







