অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় সতর্কতা জারি করল ভারত সরকার। গুগল প্লে স্টোরে বেশ কয়েকটি ভুয়ো আর্থিক অ্যাপ ঘুরে বেড়াচ্ছে, যেগুলি দেখতে একেবারে আসল মনে হলেও, এগুলির প্রধান উদ্দেশ্য ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করা। এই অ্যাপগুলির মাধ্যমে ডেটা চুরি করে ব্যবহারকারীর অর্থ ও গোপনীয়তা বিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ।
এই সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র (I4C)। তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ‘সাইবার দোস্ত’ থেকে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে কয়েকটি বিপজ্জনক অ্যাপের নাম উল্লেখ করা হয়েছে।
সাইবার দোস্তের সতর্কতা অনুযায়ী, নিম্নলিখিত অ্যাপগুলো অবিলম্বে মোবাইল থেকে মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে :- Invoicer Experts, Loan Raina – Instant Loan Online,Gupta Credit – Safe and Handy, GranetSwift, LoanQ | Financial Calculator, CreditEdge, Ultimate Lend, SmartRich Pro CreditLens, Cash Loan – EMI Calculator
সূত্রের খবর, এই অ্যাপগুলোর সঙ্গে বিদেশি সাইবার চক্রের যোগসূত্রের সম্ভাবনা রয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক ডেটা এমনকি ওটিপি চুরি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। নিরাপদ থাকতে কেন্দ্রের তরফে বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে, অ্যাপ ইনস্টল করার আগে তার রিভিউ ও অনুমোদন যাচাই করুন। শুধুমাত্র RBI অনুমোদিত ঋণ অ্যাপ ব্যবহার করুন। ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ওই অ্যাপ বা সংস্থার সম্পর্কে বিস্তারিত খোঁজ নিন এবং
ফোনের পারমিশন সেটিংস নিয়মিত পরীক্ষা করুন।
এছাড়াও, আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছে সরকার। ফোনে কল করার সময় ইন্টারনেট চালু থাকলে কিছু অ্যাপ নীরবে কথোপকথন রেকর্ড করতে পারে। এক পুলিশ অফিসারের শেয়ার করা ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে আপনি ফোনের সেটিংসে গিয়ে মাইক্রোফোন পারমিশনের মাধ্যমে এটি পরীক্ষা করতে পারেন। বিশেষ করে Google Chrome-এর মতো অ্যাপে এই অনুমতিগুলি নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার চালাচ্ছে কেন্দ্র। ডিজিটাল লেনদেনের সময় যাতে কোনও ব্যক্তি প্রতারিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। সতর্ক থাকুন, প্রযুক্তিকে কাজে লাগান – কিন্তু নিজের সুরক্ষার কথা ভুলবেন না।







