ইউজিসি নেট (UGC NET) জুন ২০২৫-এর পরীক্ষার জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে ইউজিসি ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সংশোধিত সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মে ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও, আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মে ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন কিংবা করবেন, তারা যদি কোনও তথ্য ভুল দিয়ে থাকেন, তবে সেটি ১৪ মে থেকে ১৫ মে ২০২৫-র মধ্যে সংশোধন করে নেওয়ার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীদের ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ যেতে হবে।
আবেদনপত্র পূরণ করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে:
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২. এরপর লগইন করে ব্যক্তিগত, শিক্ষাগত ও যোগাযোগের তথ্য পূরণ করতে হবে।
৩. নির্দিষ্ট নিয়ম মেনে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
৪. সবশেষে আবেদন ফি জমা দিলেই আবেদন সম্পূর্ণ হবে।
কারা আবেদন করতে পারবেন?
UGC NET পরীক্ষা মূলত তিনটি উদ্দেশ্যে নেওয়া হয়:
১. জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) এবং সহকারী অধ্যাপক পদের জন্য
২. শুধুমাত্র সহকারী অধ্যাপক পদের জন্য
৩. পিএইচডি প্রোগ্রামে নাম নথিভুক্ত করানোর যোগ্যতা অর্জনের জন্য
এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের গবেষণার যোগ্যতা এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার উপযুক্ততা নির্ধারণ করা হয়। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে প্রার্থীদের নিয়মিত ugcnet.nta.ac.in ওয়েবসাইটটি চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।







