দেশ

নিট কাণ্ডে যন্তরমন্তরে অভিনব প্রতিবাদ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ‘ককরোচ জনতা পার্টি’র

নিট প্রশ্নফাঁস বিতর্ককে কেন্দ্র করে শনিবার দিল্লির যন্তরমন্তরে সরব হল নতুন সামাজিক-রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রযুক্তিবিদ অভিজিৎ দীপকে এবং তাঁর সমর্থকেরা।

বিক্ষোভ মঞ্চ থেকে দীপকে বলেন, দেশের লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে তিনি জানান, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকারের জবাবদিহি প্রয়োজন।

দিল্লি পুলিশের অনুমতি নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত যন্তরমন্তরে এই কর্মসূচি চলে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রতিবাদকে সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছিল।

সিজেপি সমর্থকদের হাতে বই ও জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানায়। পাশাপাশি কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে অংশ নেওয়ার আবেদন করা হয়। দিল্লির গরম আবহাওয়ার কথা মাথায় রেখে পর্যাপ্ত জল পান ও প্রয়োজনীয় সতর্কতাও মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছিল।

অভিজিৎ দীপকে শুক্রবার রাতে দিল্লিতে পৌঁছনোর পর আন্দোলনের প্রস্তুতি চূড়ান্ত করেন। পরে তিনি সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় সংবিধানসম্মত ও অহিংস আন্দোলনের পক্ষে সওয়াল করেন এবং দেশের যুবসমাজকে একজোট হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি দেশের যুব সম্প্রদায় সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টি’ নামে ব্যঙ্গাত্মক প্রতিবাদী আন্দোলনের সূচনা হয়। খুব অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে সেই প্রতিবাদই এবার রাস্তায় নেমে সংগঠিত কর্মসূচির রূপ নিল।

পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিতে আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন সংগঠনের নেতারা। তাঁদের দাবি, দেশের ছাত্রছাত্রীদের স্বার্থে এই লড়াই আগামী দিনেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.