পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র জালে ধরা পড়লেন এক সিআরপিএফ জওয়ান। অভিযোগ, পাকিস্তানি গোয়েন্দাদের কাছে জাতীয় নিরাপত্তা বিষয়ক নানা গোপন ও সংবেদনশীল তথ্য তুলে দিতেন তিনি। এ ঘটনায় স্তম্ভিত দেশবাসী।
ধৃত জওয়ানের নাম মতিরাম জাট। জানা গিয়েছে, ২০২৩ সাল থেকেই তিনি পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের হাতে দেশের গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছিলেন। বিনিময়ে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও গ্রহণ করতেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। শুক্রবার দিল্লির পটীয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিংহ মতিরামকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ৬ জুন পর্যন্ত তাকে হেফাজতেই থাকতে হবে।
আদালতের পর্যবেক্ষণ, “মতিরামের বিরুদ্ধে এমন অভিযোগ শুধু দেশের নিরাপত্তার জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্র বাহিনী দেশের অন্যতম স্তম্ভ। তাদের বিরুদ্ধে এমন কাজ করার অর্থ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।”
সদ্যবহিষ্কৃত এই জওয়ানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, চলতি মাসে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ‘পাক গুপ্তচরবৃত্তি’তে জড়িত অন্তত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মলহোত্রাও। এক জওয়ানের এমন দেশবিরোধী কার্যকলাপে স্বাভাবিকভাবেই জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।







