জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভাঙড় জুড়ে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেপ্তারিকে স্বাগত জানিয়ে আইএসএফ নেতা আরাবুল ইসলাম এলাকার বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আবির খেলায় মেতে ওঠেন সমর্থকেরা, কোথাও কোথাও ডিজে বাজিয়ে আনন্দ-উল্লাস করতেও দেখা যায়।
শুক্রবার গভীর রাতে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে ঘটে যাওয়া বিস্ফোরণকাণ্ডে তাঁকে অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা। শনিবার সকালে একটি বিবৃতিতে এনআইএ এই গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আনে। এরপরই ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। সকাল থেকেই আইএসএফ কর্মী-সমর্থকেরা আনন্দে সামিল হন। একসময় শওকত মোল্লাকে কটাক্ষ করে প্রকাশিত ‘মাছ চোর’ গান বাজিয়ে নাচতেও দেখা যায় তাঁদের।
বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও শওকতের গ্রেপ্তারের খবর পেয়ে ঘরে বসে থাকেননি আরাবুল ইসলাম। তিনি নিজে বাজার থেকে মিষ্টি কিনে এলাকার বাসিন্দাদের মধ্যে বিতরণ করেন। মুখে ছিল তৃপ্তির হাসি। উল্লেখ্য, একসময় ভাঙড় রাজনীতিতে আরাবুল ইসলাম ছিলেন অত্যন্ত প্রভাবশালী মুখ। পরে সেই জায়গা দখল করেন শওকত মোল্লা। রাজনৈতিক মতভেদের জেরে তৃণমূল কংগ্রেস একসময় আরাবুলকে দল থেকে বহিষ্কারও করেছিল। এরপর শওকতের বিরুদ্ধে সরব হন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফে যোগ দিয়ে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আরাবুল।
শওকতের গ্রেপ্তার প্রসঙ্গে আরাবুল বলেন, “এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করে সঠিক পদক্ষেপ নিয়েছে। এই ঘটনায় আমি অত্যন্ত আনন্দিত।”
তিনি আরও দাবি করেন, “ভোটের সময় ভাঙড় ও ক্যানিংয়ের সমস্ত বুথ দখল করার পরিকল্পনা ছিল শওকতের। তাঁর বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। শুধু গ্রেপ্তার নয়, ভাঙড়ের মানুষের উপর দীর্ঘদিনের অত্যাচারের জন্য তাঁর কঠোরতম শাস্তি হওয়া উচিত। ক্যানিং ও ভাঙড়ের সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যাবে, তাঁর বিরুদ্ধে কতটা ক্ষোভ জমে আছে। এখানে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতেও দেওয়া হতো না।”







