অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। পুলিশি তল্লাশিতে মিলেছে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে হেফাজতে নিয়েছিল ডায়মন্ড হারবার পুলিশ। এরপর বুধবার সকালে তাঁকে সঙ্গে নিয়েই সরিষার একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল অঙ্কের এই নগদ অর্থ।
কী কারণে ওই পার্টি অফিসে এত বিপুল পরিমাণ টাকা মজুত রাখা হয়েছিল, কোথা থেকেই বা এল এই অর্থ, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে জানতে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই বিপুল নগদ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।







