অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাত ঘিরে উত্তপ্ত কালীঘাটের পরিস্থিতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ির সামনে রাতভর উত্তেজনা, তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা এবং ধস্তাধস্তির অভিযোগ ঘিরে শনিবার সকালে সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারির সুরে বলেন, তাঁর বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেখাক প্রশাসন।
শনিবার সকালে কালীঘাট থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। তাঁর অভিযোগ, রাতভর পাড়ার ক্লাবে কাজ করতে দেওয়া হয়নি। রাস্তার উপর যে পুজোর আয়োজন করা হয়েছে, তা বেআইনি বলেও দাবি করেন তিনি। মমতার বক্তব্য, পুজোয় যাতে মানুষ অংশ নিতে না পারেন, সেই উদ্দেশ্যেই জোরজুলুম চালানো হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কত বুলডোজার আছে আপনাদের? আমাদের বুকের উপর চালিয়ে দিন। হিম্মত থাকলে আসুন, আমি এসেছি। আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেখান।”
এরপর সেখান থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন তৃণমূলনেত্রী। সেখানে পুলিশের বিরুদ্ধে গভীর রাতে হামলা ও জোরজুলুম চালানোর অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, রাত ২টো নাগাদ কিছু লোকজনকে নিয়ে এসে হামলা চালানো হয়েছে। দলের কাজ এবং বাড়িতে পুজোর প্রস্তুতি চলাকালীন এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।
পুলিশের উদ্দেশে মমতা বলেন, তাঁদের সুরক্ষা ও নিরাপত্তা এখন বিপদের মুখে। এক পুলিশ আধিকারিকের উদ্দেশে প্রোমোশন প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি জনরোষের পরিস্থিতি তৈরি হলে তার পরিণতি নিয়ে সতর্কবার্তা দেন। বঞ্চিত ও লাঞ্ছিত মহিলাদেরও প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
অভিষেকের বাড়ির সামনে রাতভর উত্তেজনার পর সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার জেরে কালীঘাটের পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






