দেশ

কমল পাটনা ও বৈশালীর দূরত্ব, বিহারে ৩৪ হাজার কোটির প্রকল্প উপহার মোদীর

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিহারের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গঙ্গা নদীর ওপর নির্মিত ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ ও ছয় লেন বিশিষ্ট কেবল-স্টেড সেতু ‘নীতীশ সেতু’-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। এই সেতুটি বৈশালী জেলার বিদুপুুর ব্লকের সঙ্গে পাটনার উপকণ্ঠে কাচ্চি দরগাহকে যুক্ত করেছে, যা দুই জেলার মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে দেবে।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আমলে এই প্রকল্পটির পরিকল্পনা ও অধিকাংশ কাজ সম্পন্ন হওয়ায় তাঁর নামানুসারেই সেতুটির নামকরণ করা হয়েছে। এদিন পাটনা বিমানবন্দরে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান নীতীশ কুমার। দুই নেতাকে হাসিমুখে আলিঙ্গন করতে দেখা যায়, যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোদী লেখেন, “পাটনা বিমানবন্দরে নীতীশ কুমার জির সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল।”
বিহারে বিজেপি নেতৃত্বাধীন সম্রাট চৌধুরীর সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম রাজ্য সফর। এই সফরে তিনি সেতু উদ্বোধনের পাশাপাশি রাজ্যে সড়ক, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মোট ৩৪,৪৭০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। একইসঙ্গে পরিবেশবান্ধব পরিবহণের লক্ষ্যে ১০০টি ‘পিএম-ইবাস’ (PM-eBuses)-এর যাত্রার সূচনা করেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এর আওতায় ২৬,৯০০-এর বেশি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার ‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী।
একদিকে যখন উন্নয়নের জোয়ার, অন্যদিকে সেতুটির নামকরণ নিয়ে বিহারের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে সেতুর নামকরণ করায় শাসকদল এনডিএ (NDA) এবং প্রধান বিরোধী দল আরজেডি (RJD)-র মধ্যে শুরু হয়েছে কৃতিত্ব নেওয়ার লড়াই ও রাজনৈতিক চাপানউতোর। তবে সব বিতর্ক ছাপিয়ে এই সেতু বিহারের অর্থনীতি ও সাধারণ মানুষের যাতায়াতে আমূল পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.