জেলের চার দেওয়ালের মধ্যেই থাকতে হবে না। যোগ্য বন্দিরা এবার দিনের একটা বড় সময় বাইরে গিয়ে কাজ করার সুযোগ পেতে পারেন। সকালে জেল থেকে বেরিয়ে নির্দিষ্ট কর্মস্থলে কাজ করার পর সন্ধ্যার মধ্যে আবার জেলে ফিরতে হবে। বন্দিদের স্বনির্ভর করে তোলা এবং সাজা শেষে সমাজের মূলস্রোতে ফেরানোর লক্ষ্যেই এই নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ঝাড়খণ্ড সরকার।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্বাচিত বন্দিদের সকাল ৬টা বা ৭টার দিকে জেল থেকে বেরনোর অনুমতি দেওয়া হতে পারে। সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তাঁদের সংশ্লিষ্ট সংশোধনাগারে ফিরে আসতে হবে। কাজ করে উপার্জন করা অর্থ নিজের পরিবারকে সাহায্য করার পাশাপাশি ভবিষ্যতের জন্যও কাজে লাগাতে পারবেন তাঁরা।
তবে এই সুবিধা সব বন্দির জন্য নয়। জেলের ভিতরে ভালো আচরণ, নিয়ম মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখার মতো একাধিক বিষয় বিবেচনা করে বন্দিদের বেছে নেওয়া হবে। কারা প্রশাসনের নজরদারিও থাকবে। কোনও বন্দি নির্ধারিত নিয়ম ভাঙলে তাঁর এই সুবিধা বাতিল করা হতে পারে।
প্রথম পর্যায়ে রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেল, হাজারিবাগের জয়প্রকাশ নারায়ণ সেন্ট্রাল জেল, পূর্ব সিংভূমের ঘাঘিডিহ সেন্ট্রাল জেল এবং দুমকা সেন্ট্রাল জেলে এই ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে। নির্বাচিত ব্যারাকগুলিকে ‘ওপেন’ বা ‘সেমি-ওপেন’ ব্যারাকে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
কারা বিভাগের আধিকারিকদের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু বন্দিদের কাজের সুযোগ দেওয়া নয়। কাজের মাধ্যমে তাঁদের দায়িত্ববোধ ও আত্মনির্ভরতা বাড়ানো এবং মুক্তির পর স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।
২০২৫ সালের ঝাড়খণ্ড প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস অ্যাক্টে ‘ওপেন কারেকশনাল ইনস্টিটিউশন’-এর সংস্থানের ভিত্তিতেই এই উদ্যোগের প্রস্তুতি চলছে। তবে কারা বন্দিদের বাইরে কাজের সুযোগ দেওয়ার চূড়ান্ত নিয়ম ও শর্ত নির্ধারিত হবে প্রস্তাবিত এসওপি-তে।







