দিল্লি পুলিশের স্পেশাল সেল বড়সড় সাফল্য পেল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত একটি গুপ্তচরবৃত্তি মডিউল ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় নেপালের নাগরিক প্রভাত কুমার চৌরাসিয়াকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, প্রভাত ভারত থেকে সিম কার্ড কিনে নেপালের মাধ্যমে পাকিস্তানে পাচার করছিল। ওই সিম কার্ডগুলিই জৈশ-ই-মহম্মদের ঘাঁটি বাহাওয়ালপুর ও লাহোরে হোয়াটসঅ্যাপে ব্যবহার করা হচ্ছিল। সূত্র অনুযায়ী, চলতি বছরের ২৮ আগস্ট স্পেশাল সেলের কাছে খবর আসে—লক্ষ্মীনগরে আইএসআই-এর এক গুরুত্বপূর্ণ সহযোগী ঘাপটি মেরে বসে আছে। দ্রুত অভিযানে নেমে পুলিশ তাকে পাকড়াও করে।
তদন্তে বেরিয়ে আসে চমকে দেওয়া তথ্য। প্রভাত নিজের আধার কার্ড ব্যবহার করে ১৬টি সিম কার্ড তুলেছিল। এর মধ্যে ১১টি পাকিস্তানে অ্যাক্টিভ ছিল। গোয়েন্দাদের দাবি, এই সিমগুলো ব্যবহার করে পাক এজেন্টরা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত সংবেদনশীল তথ্য জোগাড় করছিল।
অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু ডিজিটাল ডিভাইস ও সিম কার্ডের খালি প্যাকেট উদ্ধার হয়েছে। জেরায় প্রভাত জানায়, ২০২৪ সালে সে নেপালে আইএসআই এজেন্টদের সংস্পর্শে আসে। প্রলোভন হিসেবে তাকে বলা হয়েছিল—ভারত থেকে সিম ও গোপন তথ্য জোগাড় করতে পারলে মার্কিন ভিসা মিলবে। সেই টোপে ফেঁসে গিয়ে সে ভুয়ো আধার কার্ড বানিয়ে বিহার ও মহারাষ্ট্র থেকে সিম কিনে নেপালের মাধ্যমে পাকিস্তানে পাঠাতে শুরু করে।
প্রভাতের অতীতও খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, ১৯৮২ সালে জন্ম নেওয়া এই ব্যক্তি শিক্ষাজীবন শেষ করেন নেপাল ও বিহারে। পরে ফার্মা সেক্টরে চাকরি করেন, এমনকি ২০১৭ সালে কাঠমান্ডুতে লজিস্টিক ব্যবসা শুরু করেন। তবে লাভের মুখ না দেখে বিদেশ যাওয়ার স্বপ্নে আইএসআই-এর সঙ্গে হাত মেলায় তিনি।
স্পেশাল সেল প্রভাতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (BNS) ৬১(২)/১৫২ ধারায় মামলা দায়ের করেছে। তদন্তকারীরা এখন খুঁজছে তাঁর নেটওয়ার্কে আর কারা জড়িত।







