কলকাতা থেকে ঢাকায় গেল মুক্তিযুদ্ধের বিজয় দিবসের আমন্ত্রণ। ভারতীয় সেনার ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। আগামী ১৬ ডিসেম্বর, ঐতিহাসিক বিজয় দিবসে ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশের যৌথ উদযাপন অনুষ্ঠান। বর্তমান কূটনৈতিক টানাপোড়েন, বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং আন্তর্জাতিক সমীকরণের বদলের মাঝেও এই ঐতিহাসিক ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখছে দুই দেশ।
রবিবার ফোর্ট উইলিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, ভারতীয় সেনার আমন্ত্রণে বাংলাদেশের তরফে ইতিবাচক সাড়া মিলেছে। এবছর বাংলাদেশের তরফে দু’জন শীর্ষ সেনাকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্য-সহ মোট ২০ জন প্রতিনিধি ফোর্ট উইলিয়ামে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।
উল্লেখ্য, আজ থেকে ঠিক ৫৪ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, কলকাতা থেকেই মুক্তিবাহিনীর শীর্ষ আধিকারিকরা থিয়েটার রোডের ঘাঁটি থেকে বিমানবন্দরে পৌঁছে তৎকালীন ইস্টার্ন কমান্ডের সর্বাধিনায়ক জেনারেল জগজিৎ সিং অরোরার সঙ্গে হেলিকপ্টারে চেপে ঢাকায় রওনা হয়েছিলেন। সেখানেই পূর্ব পাকিস্তানের পাক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি ভারতের সামনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে সই করেন। সেই ঐতিহাসিক মুহূর্তেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
তবে সময়ের সঙ্গে বদলেছে বহু কিছু। সাম্প্রতিক গণঅভ্যুত্থান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া, দুই দেশের সম্পর্কে টানাপোড়েন এবং বাংলাদেশের মাটিতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রভাব বিস্তার—সব মিলিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক আবহ এখন অনেকটাই বদলে গিয়েছে। তবুও ভারত তার ঐতিহাসিক দায়বদ্ধতা ভুলে যায়নি। বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এবারও ব্যতিক্রমী যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই যৌথ বিজয় দিবস উদযাপন শুধু অতীতের স্মৃতি নয়, বরং উপমহাদেশের ইতিহাসে শান্তি, সহযোগিতা ও কূটনৈতিক বার্তার এক গুরুত্বপূর্ণ প্রতীক বলেই মনে করছে রাজনৈতিক মহল।







