নয়াদিল্লি: সংসদে সাংসদদের ভোটাভুটির ক্ষেত্রে দলীয় হুইপের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে লোকসভায় একটি প্রাইভেট মেম্বার্স বিল পেশ করলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তাঁর দাবি, এই বিল কার্যকর হলে সাংসদদের প্রকৃত অর্থে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এবং তাঁরা দলীয় লাইনের বাইরে গিয়েও নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিতে পারবেন।
বর্তমানে সংসদ বা বিধানসভায় কোনও গুরুত্বপূর্ণ বিল বা প্রস্তাবে দলগুলি হুইপ জারি করে। এর অর্থ নির্দিষ্ট দিনে সংসদে উপস্থিত থাকা এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোটদান করা বাধ্যতামূলক। হুইপ অমান্য করলে সাংসদ বা বিধায়কের সদস্যপদ বাতিল হওয়ারও সম্ভাবনা থাকে। এই বাধ্যবাধকতার বিরুদ্ধেই সরব হয়েছেন মণীশ।
বিল পেশের সময় মণীশ বলেন, “সংসদে কোনও বিল পাস বা বাতিলের ক্ষেত্রে সাংসদদের বাস্তববুদ্ধি ও ব্যক্তিগত বিবেচনার উপর নির্ভর করার সুযোগ থাকা উচিত। বর্তমানে অনেক সাংসদের ভূমিকা অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। ভোট দিতে বলা হলে তাঁরা ভোট দেন, আর বারণ করা হলে তাঁরা ভোট দেন না—এটাই বাস্তবতা।”
মণীশের বিল অনুযায়ী, দলীয় অবস্থানের বাইরে গিয়েও কোনও সাংসদ কোনও বিলে সমর্থন বা বিরোধিতা করতে পারবেন। তাঁর মতে, এতে সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং আইন প্রণয়নের গুণগত মান বাড়বে।
ঘটনাচক্রে, কংগ্রেসের অন্দরমহলে মণীশ তিওয়ারি দীর্ঘদিন ধরেই ‘বিক্ষুব্ধ’ নেতাদের তালিকায় পরিচিত। দলীয় নেতৃত্ব, বিশেষ করে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ মহলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হয়েছে। শশী থারুরের মতো তিনিও প্রায়ই দলীয় অবস্থানের বাইরে গিয়ে বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করে অস্বস্তিতে ফেলেছেন কংগ্রেস শিবিরকে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর দলীয় ব্যর্থতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন মণীশ। ইউপিএ সরকারের শাসনকালে ‘অন্তর্ঘাত’ হয়েছিল কি না, তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। ২০২২ সালে গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার সময়ও মণীশকে নিয়ে প্রবল জল্পনা ছড়ায়।
সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলে মণীশের উপস্থিতিও রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দেয় যে, শশী থারুরের মতো তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এখনও পর্যন্ত কংগ্রেস ছাড়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তিনি।
হুইপ প্রথা নিয়ে মণীশের এই বিল সংসদীয় রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই প্রস্তাব সংসদে কতটা সমর্থন পায়, সেদিকেই এখন নজর।







