দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত হয়ে ফের রাজ্য বিজেপিতে তীব্র ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে স্ত্রীকে পাশে নিয়ে বৃহস্পতিবার তিনি জানান, “আমাকে কাটলে বিজেপির রক্ত বেরোবে। যারা ২০২০-২১ সালে দলে এসেছে, তারা বিজেপি বোঝে না।”
বিনা নাম করে শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাঁকে কটাক্ষ করে বলেন, “যারা মমতা ব্যানার্জির আঁচলের তলায় ছিলেন, তারাই এখন বিজেপিতে চরিত্র সার্টিফিকেট দিচ্ছে। চারটে বিয়ে করে যারা ১৪টা গার্লফ্রেন্ড রাখে, তারাই দিলীপ ঘোষকে ত্যাগ-ভোগ শেখায়!”
তিনি স্পষ্ট জানান, বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন নেই। “প্রয়োজনে রাজনীতি ছাড়ব, কিন্তু বিজেপি ছাড়ব না। দল গড়েছি রক্ত-ঘামে। যাদের নেতা করেছি, তারাই আজ পেটব্যথায় ভুগছে।”
দলের ক্রমাগত পরাজয় নিয়ে আক্ষেপ করে বলেন, “আমরা ৭৭টি আসন পেয়েছিলাম, এখন এক ডজন বিধায়ক নেই। ২০১৯ সালে ৪১% ভোট পেয়েছিল বিজেপি, আর এখন জিততে ভুলে গেছি।”
দলের ভেতরে ‘দালালি সংস্কৃতি’ ঢুকে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “এই দালালদের জন্যই বিজেপির স্বাদ-গন্ধ হারিয়ে গেছে।”
তৃণমূল কর্মীরা তার বক্তব্য শেষে ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ, তৃণমূলে স্বাগত’ বলে স্লোগান দিলে জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও দিলীপ স্পষ্ট করেছেন, তিনি বিজেপিতেই থাকবেন। এখন দেখার, রাজ্য বিজেপির ভেতরের এই ফাটল কোথায় গিয়ে দাঁড়ায়।







