নিজস্ব সংবাদদাতা : ১৯৬৫ সালের মরশুম শেষ হওয়ার পরেই কিছু খেলোয়াড়দের দলবদলে ধরাশায়ী হলো ইস্টবেঙ্গল। অসীম মৌলিক,সুশীল সিনহা,চন্দ্রেশ্বর প্রসাদকে তুলে নিলো মোহনবাগান। কি হবে দলের? চিন্তার ভাজ জ্যোতিষ গুহর কপালে,সাময়িক হতাশা কাটিয়ে তিনি নেমে পড়লেন ১৯৬৬ সালের দলগঠনে। নিয়ে এলেন বিক্রমজিত দেবনাথকে। পুরোনোদের বদলে নিয়ে এলেন কিছু তরতাজা রক্ত। যেমন দেরাদুন থেকে শ্যাম থাপা,কেবি শর্মা,হায়দ্রাবাদ থেকে নিয়ে এলেন আফজল, নঈমুদ্দিন সহ ১৬/১৭ বছরের একটি ছেলেকে। যার খেলা সন্তোষ ট্রফি তে দেখে ফুটবল জহুরী জ্যোতিষ গুহ সহ কর্মকর্তা অজয় শ্রীমানীকে বলেছিলেন এই ছেলেটাকে আমি যে কোনও মূল্যে ইস্টবেঙ্গলে খেলাবো, দেখবে ছেলেটা অনেক দূরে যাবে। জ্যোতিষ গুহর ভবিষ্যৎবাণী দারুন ভাবে ফলে গিয়েছিলো। সেই ছেলেটি আর কেউ নন ভারতবর্ষের ফুটবল লিজেন্ড মহঃ হাবিব।
ষাট ও সত্তরে দশকে কলকাতা ও ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন তিনি। মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান। খেলেছেন তিন প্রধানেই। ১৯৭৭ পেলের কসমসের বিরুদ্ধে মোহনবাগান দলের অন্যতম সদস্য ছিলেন লড়াকু এই ফুটবলার। পেলের চোখে চোখ রেখে বলেছিলেন “U পেলে I হাবিব” । ১৯৭০ সালে এশিয়ান গেমসের ব্রোঞ্জ জয়ী ভারতীয় ফুটবল দলে ছিলেন তিনি। খেলার ছাড়ার পর কোচিং করিয়েছিলেন মোহনবাগান ও মহমেডানে।
হায়দরাবাদে তাঁর জন্ম হলেও মহম্মদ হাবিবের ফুটবলার জীবনের উত্থান ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায়।১৯৬৬ সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তিনি। লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন বেশিরভাগ সময়ে। যদিও মোহনবাগানের জার্সিতে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন হাবিব। ইস্টবেঙ্গল-মোহনবাগান থেকে মহামেডান,কলকাতার বড় দলে চুটিয়ে খেলা এই কিংবদন্তি ফুটবলার বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন। ১৯৮০ সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ২০১৫ সালে পেয়েছেন ভারত গৌরব পুরস্কার। ২০১৯ সালে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ ফুটবলজীবনের স্মৃতি অবশ্য আর কিছুই প্রায় অবশিষ্ট ছিল না। পারকিনসন রোগে আক্রান্ত হয়েছিলেন হাবিব। ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল ফেলে আসা সবুজ মাঠের সব সোনালী স্মৃতিগুলো। কাউকে সেভাবে চিনতে পারতেন না। অসংলগ্ন কথাবার্তা বলতেন। চলাফেরার শক্তি হারিয়ে ছিলেন তিনি। ১৫ ই আগস্ট বিকেল সাড়ে চারটে নাগাদ হায়দরাবাদের নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৪ বছরের মহম্মদ হাবিব।
আমাদের সবার প্রিয় ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার মহম্মদ হাবিব।তাঁর প্রয়াণ ভারতীয় ফুটবলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করে,পরিবার,পরিজন ও অসংখ্য অনুরাগীদের সমবেদনা জানান ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।







