সাতসকালে কলকাতার বুকে নৃশংসতা। রাস্তায় পড়ে থেঁতলানো ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে শ্যামবাজারের একটি স্কুলের সামনে।
সূত্রের খবর, শ্যামবাজারের এভি স্কুলের মেইন গেটের অদূরেই পড়ে ছিল এক ব্যক্তির দেহ। ওই এলাকারই এক পাম্প কর্মী রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমে দেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তারপরই সেখানে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকে বিষয়টি ডেকে দেখান। এরপর দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিত্সকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। ব্যক্তির আনুমানিক বয়স বছর ৪৫। প্রাথমিক অনুমান ওই ব্যক্তির মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। পরে মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে থেতলানো হয়েছে মুখ। তবে অনুমান করা হচ্ছে ওই ব্যক্তি পেশায় একজন রাধুনী। তার দেহের পাশে থেকে কিছু রান্নার সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।
কিভাবে মৃত্যু হয় ওই ব্যক্তির তা এখনও জানা যায়নি। তবে ওই জায়গার কিছু দূরেই পুলিশ কিয়স্ক। এখন প্রশ্ন হলো পুলিশ কিয়স্ক এত কাছে থাকার পরেও ওই ব্যক্তিকে কেও কিভাবে ফেলে রেখে গেলো সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত।







