ক্রাইমরাজ্য

নাবালিকা নিখোঁজ! স্নিফার ডগ থামল পুকুরপাড়ে… কিন্তু কেন

হুগলির কানাইপুরে নিখোঁজ এক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বিকেল চারটে থেকে ওই তেরো বছরের কিশোরী নিখোঁজ। অভিযোগ, পড়শি যুবক অসীম মজুমদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে আর ফেরেনি।

আজ সকাল থেকেই এলাকা জুড়ে চন্দননগর পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস, আইসি উত্তরপাড়া অমিতাভ সান্যাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ডগ স্কোয়াড নিয়ে কানাইপুরে পৌঁছান। তদন্তে উঠে আসে অভিযুক্ত অসীমের নাম। জানা যায়, নিখোঁজের দিন সেও নাবালিকার সঙ্গেই ছিল।

স্নিফার ডগ নিয়ে শুরু হয় তল্লাশি। অভিযুক্তের বাড়ি এবং নিখোঁজ কিশোরীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। এরপর স্নিফার ডগ হরিসভা শহিদ বেদী থেকে সোজা চলে যায় কন্যা বিদ্যাপীঠ স্কুলের পিছনে একটি পুকুরপাড়ে এবং সেখানে আচমকা থেমে যায়। এই ঘটনাই নতুন করে ভাবাচ্ছে তদন্তকারীদের।

স্থানীয় সূত্রে খবর, নিখোঁজের রাতেই অসীমকে মদ্যপ অবস্থায় জেরা করলে সে বলেছিল, নাবালিকাকে মেরে পুঁতে দিয়েছে। যদিও এরপর থেকেই সে নিজেও পলাতক।

পুলিশ এখন এই তথ্যগুলিকে গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। অসীমের ভূমিকা, স্নিফার ডগ যেখানে থেমেছে সেই জায়গার তাৎপর্য—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কিশোরীর খোঁজ না মেলায় উদ্বেগে গোটা কানাইপুর। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরলস তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.