অবৈধ সম্পর্কের গোপনীয়তা ফাঁস হওয়ার ভয়ে নিজের ১০ বছরের শিশুকন্যাকে নির্মমভাবে হত্যার অপরাধে এক মাকে মৃত্যুদণ্ড দিলেন বিহারের আরারিয়া আদালত। এই ঘটনা জুলাই ২০২৩-এর, কিন্তু দ্রুত বিচার প্রক্রিয়ায় (স্পিডি ট্রায়াল) মাত্র দেড় বছরের মধ্যেই মামলার রায় ঘোষণা হলো।
আরারিয়ার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ (ADJ) কোর্ট-৪ এর বিচারক রবি কুমার বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মহিলা হলেন পুনম দেবী (৩৫), যিনি নরপতগঞ্জ থানা এলাকার বাসিন্দা। আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ৬০ হাজার টাকা জরিমানাও করেছে। পুলিশ ও সরকারি পক্ষের উকিল সূত্রে জানা যায়, পুনম দেবীর স্বামী জীবিকার সন্ধানে বাইরে থাকতেন। স্বামীর অনুপস্থিতিতে তাঁর স্থানীয় এক যুবক, রূপেশ সিংয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত বাড়িতে মেলামেশা করতেন।
ঘটনার দিন, অর্থাৎ ২০২৩ সালের ২১ জুন, পুনম দেবীর ১০ বছর বয়সী মেয়ে শিবানী কুমারী তার মাকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। মেয়েটি তার বাবাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে, পুনম দেবী ভয় পেয়ে যান এবং প্রেমিককে নিয়ে মেয়েকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পুনম দেবীর স্বামী পাঞ্জাব থেকে বাড়ি ফিরতে চলেছিলেন, যা তার ঘাবড়ে যাওয়ার প্রধান কারণ ছিল। ১০ জুলাই ২০২৩ তারিখে পুনম দেবী মাছের মধ্যে কীটনাশক মিশিয়ে তার মেয়ে শিবানীকে খেতে দেন। বিষাক্ত মাছ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিবানী অজ্ঞান হয়ে যায়। এরপরেই মা ছুরি দিয়ে শিবানীর গলা ও পেটে আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করে।
খুনের পর পুনম দেবী শিবানীর দেহ জ্বালানির জন্য রাখা ভুট্টার স্তূপের মধ্যে লুকিয়ে রাখেন এবং রক্ত ও ছুরি পরিষ্কার করে স্বাভাবিক থাকার ভান করেন। পরে তিনি নিজেই মেয়েকে খোঁজার নাটক করে পুলিশের হাতে মৃতদেহ তুলে দেন।
চিকিৎসা এবং ফরেনসিক রিপোর্টে হত্যার নৃশংসতা স্পষ্ট হয়ে ওঠে। ভাগলপুর এফএসএল (FSL) এ শিবানীর ভিসেরা পরীক্ষা করে ডিকোলরস নামক এক ধরনের বিষাক্ত কীটনাশক পাওয়া যায়। ঘটনার পর স্থানীয় এক চৌকিদার থানায় এফআইআর দায়ের করেন।
বিচার চলাকালীন সরকার পক্ষের উকিল দ্রুত বিচার সম্পন্ন করার এবং কঠোরতম শাস্তির আর্জি জানান। সমস্ত সাক্ষীর জবানবন্দি এবং প্রমাণ খতিয়ে দেখে বিচারক রবি কুমার অভিযুক্ত পুনম দেবীকে দোষী সাব্যস্ত করেন এবং কঠোরতম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেন।







