ক্রাইম

প্রেম, প্রতিশ্রুতি, প্রতারণা—বিয়ের নাম করে সহবাস! যুবক গ্রেফতার, তদন্তে মহিলা থানা

বিয়ের প্রতিশ্রুতিতে প্রেম, আর সেই সম্পর্কেই গড়ে উঠল গভীর শারীরিক ঘনিষ্ঠতা। কিন্তু শেষপর্যন্ত প্রতিশ্রুতি রাখলেন না যুবক! প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। প্রেমের আবেশে মোহভিভঙ্গ তরুণী অবশেষে আইনের শরণাপন্ন হলেন।

জানা গিয়েছে, ধৃত যুবক ও অভিযোগকারিণী দু’জনেই পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানা এলাকার বাসিন্দা। ২০২২ সালে গাজন উৎসবে প্রথম আলাপ, সেখান থেকেই শুরু প্রেমের গল্প। তখন তরুণী একাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনার ফাঁকে, টিউশন যাওয়ার পথে, ধীরে ধীরে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

অভিযোগ, ২০২৩ সালের ২৮ মে তরুণী তাঁর মামার বাড়ি গেলে, প্রেমিকও পৌঁছে যায় সেখানে। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত। এরপর একাধিকবার একই প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে সে। কিন্তু সম্প্রতি তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে যুবক।

তরুণী আদালতের দ্বারস্থ হলে, বর্ধমান সিজেএম আদালতের নির্দেশে তদন্তে নামে পুলিশ। শনিবার সন্ধ্যায় দেওয়ানদিঘি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৫ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

এই ঘটনা ফের সামনে নিয়ে এল, প্রেমে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও শারীরিক সম্পর্ক স্থাপনের স্পর্শকাতর সামাজিক ইস্যু। আইনের পথে ন্যায়বিচার চায় নিপীড়িতা তরুণী। তদন্তে নজর এখন প্রশাসনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.