আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে আত্মবিশ্বাসে ভরপুর ইন্টার কাশী এবার সুপার কাপের মঞ্চে নামছে এক নতুন অধ্যায়ে। রবিবার বাম্বোলিমে গ্রুপ বি-র প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড— ডুরান্ড কাপজয়ী দল। তবে এই ম্যাচে অনুপস্থিত থাকবেন প্রধান কোচ আন্তোনিও হাবাস ও তাঁর সহযোগীরা। ফলে দায়িত্ব পড়েছে এক বঙ্গসন্তানের কাঁধে— গোলকিপিং কোচ অভিজিৎ মণ্ডলের ওপর। দীর্ঘদিন পর ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফের তাঁর এমন প্রত্যাবর্তন বাঙালি সমর্থকদের জন্য বাড়তি গর্বের।
অভিজিতের কোচিংয়ে মাঠে নামতে চলা ইন্টার কাশী এবার আইএসএল অভিষেকের আগেই নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছে। গ্রুপে রয়েছে এফসি গোয়া ও জামশেদপুর এফসি— দুই শক্তিশালী প্রতিপক্ষ। তাই সুপার কাপই হতে পারে আইএসএলে টিকে থাকার পরীক্ষামঞ্চ। হাবাসের অনুপস্থিতিতে অভিজিতের কৌশল ও দলগঠনের দক্ষতা নজর কাড়তে পারে।
এর মধ্যেই দলকে বাড়তি শক্তি দিলেন আরেক বাঙালি— প্রবীর দাস। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সম্পর্ক শেষ করে ৩১ বছর বয়সি সাইড-ব্যাক যোগ দিলেন ইন্টার কাশীতে মরশুমের শেষ পর্যন্ত। ট্রান্সফার উইন্ডো বন্ধ থাকায় লোনে যাওয়া সম্ভব ছিল না, তাই নতুন সূচনার পথ বেছে নিলেন প্রবীর।
সব কিছু ঠিক থাকলে সুপার কাপেই অভিষেক হতে পারে তাঁর। একদিকে অভিজিৎ মণ্ডলের কোচিং, অন্যদিকে প্রবীরের অভিজ্ঞতা— এই বাঙালি জুটি কি ইন্টার কাশীর ইতিহাসে নতুন অধ্যায় লিখতে পারবে? উত্তর পেতে অপেক্ষা বাম্বোলিমের রোববার বিকেল পর্যন্ত।







