খেলাধুলা

অজি সফরের আগে অগ্নিপরীক্ষা! ব্রঙ্কো টেস্টে নামছে টিম ইন্ডিয়া

ভারতীয় ক্রিকেট দলে ফিটনেস মানেই এতদিন ছিল ইয়ো ইয়ো টেস্ট। কিন্তু গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ছবিটা বদলাচ্ছে দ্রুত। এবার আসছে আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জ—‘ব্রঙ্কো টেস্ট’। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি, যা এখন সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে পরিচিত, সেখানে ৩০-৩১ আগস্ট আয়োজিত হবে একাধিক কড়া ফিটনেস ট্রায়াল। আর সেখানেই ডাক পড়েছে টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার। প্রশ্ন উঠছে—তাহলে কি ধীরে ধীরে ওয়ানডে কেরিয়ারের দিকেই ঝুঁকি তৈরি হচ্ছে হিটম্যানের? শুধু রোহিতই নন, কেএল রাহুল থেকে শুরু করে আরও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দেখা যাবে এই ফিটনেস যুদ্ধে। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ, তাই পরীক্ষার গুরুত্ব আকাশছোঁয়া।

নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো এনেছেন এই অভিনব পদ্ধতি। রাগবির দুনিয়া থেকে উঠে আসা ব্রঙ্কো টেস্টে মাত্র ছয় মিনিটে টানা ১২০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে ক্রিকেটারদের। ইয়ো ইয়োর তুলনায় অনেক বেশি কঠিন এই পরীক্ষা, যা সরাসরি ফুসফুস ও কার্ডিওভ্যাসকুলার ক্ষমতার সীমা যাচাই করে। জুনে দায়িত্ব নেওয়ার পর থেকেই আদ্রিয়ান জোর দিয়েছেন এমন অনুশীলনে, যা শুধু জিমনেসিয়ামের ভারোত্তোলন নয়, বরং বাস্তব মাঠে স্ট্যামিনা ও গতি বাড়াবে। ইংল্যান্ড সফরে একের পর এক চোট-সঙ্কটের পর এই নতুন উদ্যোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্রঙ্কো টেস্ট শুধু ফিটনেস নয়, মানসিক শক্তিরও পরীক্ষা নেবে। এখন দেখার, রোহিত-রাহুলরা সেই কড়া ফিল্টার পেরিয়ে কতটা প্রস্তুত হয়ে ওঠেন আসন্ন অজি সফরের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.