খেলাধুলা

ফুটবলে ঐতিহাসিক নিয়ম বদলের পথে আইএফএবি, পেনাল্টি-সহ একাধিক ক্ষেত্রে আসছে বড়সড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আগে বড়সড় নিয়ম পরিবর্তনের পথে হাঁটছে আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB)। ১৩৪ বছর পর বদলাতে চলেছে পেনাল্টির প্রচলিত নিয়ম। পাশাপাশি VAR ব্যবহারে আনা হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধন।

পেনাল্টির নতুন নিয়ম কী?
বর্তমানে কোনও খেলোয়াড় পেনাল্টি কিক মারলে বল বারে লেগে বা গোলকিপারের গায়ে লেগে ফিরে এলে, তিনি ফিরতি শটে গোল করার সুযোগ পান। কিন্তু এই ‘দ্বিতীয় সুযোগ’কেই এবার “অন্যায্য সুবিধা” বলে মনে করছে আইএফএবি। তাই প্রস্তাবিত নিয়মে, পেনাল্টি শট নেওয়ার পর ফিরতি বল থেকে আর গোল করার সুযোগ থাকবে না। অর্থাৎ ম্যাচ চলাকালীন পেনাল্টির ক্ষেত্রেও “পেনাল্টি শুটআউটের মতো” ব্যবস্থা কার্যকর হবে—একবার সুযোগ, তারপর খেলা বন্ধ।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ২০২০ ইউরো কাপের একটি উদাহরণ। ডেনমার্কের বিরুদ্ধে হ্যারি কেনের নেওয়া পেনাল্টি প্রথমবার বাঁচিয়ে দেন ক্যাসপার স্মাইকেল, কিন্তু ফিরতি শটে কেন গোল করে দেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার নিয়মে লাগাম টানতে চায় ফুটবলের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা।

VAR ব্যবহারে নতুন দিশা
পেনাল্টি ছাড়াও, VAR ব্যবহারের ক্ষেত্রেও বড়সড় বদল আনতে চায় আইএফএবি। এখন থেকে, কোনও ফুটবলার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে এবং তার ফলে লাল কার্ড হয়, সেই সিদ্ধান্তেও রেফারি চাইলে VAR-এর সাহায্য নিতে পারবেন। পাশাপাশি, কর্নার কিকের সিদ্ধান্ত নিয়েও রেফারিদের জন্য চালু হতে পারে VAR পর্যালোচনার সুবিধা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ চলাকালীন এইসব বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। মনে করা হচ্ছে, খুব শিগগিরিই এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে আইএফএবি।

ফুটবল বিশ্বজুড়ে এই পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে তীব্র চর্চা। একদল ফুটবল বিশেষজ্ঞের মতে, এতে খেলার স্বচ্ছতা ও রেফারির সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বাড়বে। আবার অনেকে বলছেন, ফুটবলের প্রাকৃতিক উত্তেজনা ও মুহূর্তগুলিতে হস্তক্ষেপ বাড়বে—যা দর্শকদের অভিজ্ঞতাকে কিছুটা হলেও প্রভাবিত করতে পারে।

যাই হোক, ২০২৬ বিশ্বকাপের আগে ফুটবলে এই নিয়ম পরিবর্তন নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.