একদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রবিবার গভীর রাতে শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাংশে ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিট নাগাদ এই ভূমিকম্প আঘাত হানে। কম্পনের জেরে আতঙ্ক ছড়ায় বিভিন্ন এলাকায়। তবে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করেনি জাপানের আবহাওয়া সংস্থা।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (JMA)-র প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাংশে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭। তবে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে আইচি প্রিফেকচারের চিতা শহরে। জাপানের নিজস্ব ভূমিকম্প তীব্রতা মাপকাঠিতে সেখানে ৫+ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের জেরে বেশ কয়েকটি দোকানের কাচ ভেঙে যায়। বিভিন্ন জায়গায় জিনিসপত্র ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা AP-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। কম্পনের পর একাধিক ছোট আফটারশকও অনুভূত হয়েছে।
উল্লেখ্য, এর আগেও জাপানের উপকূলবর্তী এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ফলে পরপর কম্পনে উদ্বেগ বেড়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ বিশেষ করে পরবর্তী দু’-তিন দিন ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ধস ও পাথর গড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও সতর্ক করা হয়েছে।







