খেলাধুলা

রনজিতে রেকর্ডবুক ওলটপালট, রাহানের তোপে নির্বাচক মন্ডলী

রনজি ট্রফির দ্বিতীয় রাউন্ড যেন একদিনের ক্রিকেটের থেকেও দ্রুত শেষ হল! মাত্র ৫৪০ বলের মধ্যে অসম ও সার্ভিসেসের ম্যাচ গুটিয়ে গিয়ে ভেঙে দিল ৬৩ বছরের পুরনো রেকর্ড। চার সেশনে ৩২ উইকেট, মোট রান মাত্র ৩৫৯— এমন নাটকীয় ম্যাচ রনজির ইতিহাসে আগে দেখা যায়নি। ১৯৬১-৬২ মরশুমে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ শেষ হয়েছিল ৫৪৭ বলে, এবার সেই রেকর্ডও হার মানল।

অসমের হয়ে রিয়ান পরাগের বলের জাদু ছিল দেখার মতো। প্রথম ইনিংসে তিনি ২৫ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ভাঙচুর করলেও দলের ব্যাটাররা হতাশ করলেন। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭৫ রানে গুটিয়ে গেল অসম। সার্ভিসেসের অর্জুন শর্মা ও মোহিত জাংড়া হ্যাটট্রিক করে নজর কাড়লেন, তাদের স্পিনের ঘূর্ণিতে ছিন্নভিন্ন প্রতিপক্ষ।

অন্যদিকে তামিলনাড়ুর তরুণ পেসার গুরজপনীৎ সিং কেরিয়ারের অষ্টম ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের নাম তুললেন শিরোনামে। গত আইপিএলে চোটের কারণে বাইরে থাকা এই ৬ ফুট ৪ ইঞ্চির পেসার এবার রনজিতে নিজের সামর্থ্য প্রমাণ করলেন।

এদিকে, মুম্বইয়ের হয়ে ছত্তিশগড়ের বিপক্ষে অজিঙ্ক রাহানে খেললেন অনবদ্য ১৫৯ রানের ইনিংস। ব্যাট হাতে দাপট দেখানোর পর নির্বাচকদের উদ্দেশে তোপ দেগে জানালেন, “অস্ট্রেলিয়ায় দলের আমার প্রয়োজন ছিল।” রনজির এই রাউন্ডে তাই রেকর্ড, হ্যাটট্রিক আর বিতর্ক— সব মিলিয়ে রণক্ষেত্র যেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.