“ছোটবেলায় রাখাল ছিলাম আমি। ভেড়া চড়ানই ছিল আমার একমাত্র ধ্যানজ্ঞান”। বাবাও ভেড়া চড়াতেন, দাদাও। এক পাল ভেড়াকে নিয়ে পাহাড়ে যাও, নেকড়েরা বনেই লুকিয়ে আছে, তাদের থেকে ভেড়ার পাল সামলে রাখো, ভেড়ার পাল নিয়ে অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরে আসো, এই ছিল আমাদের মদ্রিচি গ্রামে আমাদের প্রতিদিনকার রুটিন। গ্রামের নাম মদ্রিচি, মদ্রিচের বহুবচন। এখানে জন্ম জন্মান্তর ধরে মদ্রিচেরা ভেড়া চরিয়ে এসেছে, আমরা কেন তার ব্যতিক্রম হব? ভেলেবিট পর্বতমালার পাদদেশে ছিল আমার দাদা লুকার বাড়ি। পাহাড়ে উঠলে দেখা যেত অনেক দূর পর্যন্ত ঐ একটাই বাড়ি, আশেপাশে আর কোন জনবসতি নেই।

আমরা ভাবতাম আমরা সবার থেকে আলাদা দুনিয়ায় বসবাস করি। দরকার হলে কাছের জাদার শহরে যাই, জিনিসপাতি কিনে ফিরে আসি। নেকড়ে আর ভেড়ারা ছাড়া আমাদের কোন প্রতিবেশি ছিল না। এই নিস্তরঙ্গ জীবনের মাঝেই একসময় ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা জানতাম না, কিন্তু আমার দাদার বাসাটা ছিল একটা স্ট্রাটেজিক পয়েন্ট, উত্তর আর দক্ষিণ ক্রোয়েশিয়ার সংযোগস্থল। এখন তো বিরাট হাইওয়ে হয়ে গিয়েছে। তখন কিছুই ছিল না। আমরাও এত কিছু জানতাম না। একদিন দাদা ভেড়া চরাতে গেলেন, আর ফিরে এলেন না। শুনলাম সার্বিয়ান গেরিলারা দাদাকে খুন করেছে, কেন? কিছুই জানতাম না। বাবা আমাদের নিয়ে পালালেন, রিফিউজি শব্দটার মানে জানতাম না তখন। কিন্তু আমরা তখন রিফিউজি হয়ে গেলাম। অন্যান্য রিফিউজিদের মত আমরা জাদারের হোটেল কলোভারে আশ্রয় নিলাম, জীবনের ৭টা বছর ওখানেই কেটেছে আমার। সেখানের ট্রেনিং গ্রাউন্ডে ফুটবল খেলতাম। আশেপাশে গ্রেনেড হামলা হলে কোচেরা ভেতরে নিয়ে যেতেন। খেলার মাঝেই হয়ত এয়ার রেইড সাইরেন বেজে উঠল, শেল্টারে আশ্রয় নিতাম আর ভাবতাম কখন আবার খেলায় ফিরে যাওয়া যায়। তখন আমার বয়স ৬।

সেখানেই আমার পরিচয় হয় এনকে জাদারের ফুটবল কোচ টোমিস্লাভ বাসিচের সাথে। বাসিচ আমার বাবার মতন, হয়তবা বাবার থেকেও আমার জীবনে বাসিচের গুরুত্ব বেশি। বাসিচ শুরুতে আমাকে অনেক যন্ত্রণা দিয়েছেন। জাদারের সাথে ট্রেনিং করতাম আর বাসিচ খালি আমাকে বলতেন, লুকা যাও ঐ রিং ধরে ঝুলে থাক। লম্বা না হলে খেলতে পারবে না। ভীষণ রাগ হত আমার। একবার বাবা মা আর বাসিচকে না জানিয়েই রিফিউজি ক্যাম্প থেকে পালিয়ে চলে যাই স্প্লিত শহরে। সেখানে আমার প্রিয় ক্লাব হায়দুক স্পিটের ইউথ একাডেমির ভর্তি চলছিল। আমাকে ঢুকতেই দিল না ওরা, কারণ আমি নাকি বেশি লিকলিকে, বেশি খাটো। প্রচন্ড অপমানিত হয়ে ফিরে এলাম, দেখলাম বাসিচেরও একই অবস্থা, রাগে ফুঁসছেন তিনি। দুই সপ্তাহ তিনি আমার সাথে কথা বলেন নি। তারপর আবার আমাকে ট্রেনিং এ ডাকলেন। বললেন, লুকা, গুল্লি মারো স্পিতকে। তোমাকে আমি ডিনামো জাগরেবে নিয়ে যাব। আমার পিলে চমকে উঠল, বলে কি? হায়দুকের ফ্যান হিসেবে ডিনামো আমার দুই চোখের বিষ। বিধির লিখন এমন, সেই ডিনামোতেই জায়গা হল আমার।

এ ব্যাপারটা কিন্তু বেশ মজার। আমি যেসব দলকে পছন্দ করতাম, তাদের রাইভালদের হয়েই খেলেছি আজীবন। মারিও স্তানিচ খেলতেন চেলসিতে, এজন্য চেলসির ভক্ত ছিলাম। গেলাম টটেনহামে। ফুটবল যখন থেকে বুঝি তখন থেকে রোনালদোর ফ্যান আমি। বার্সেলোনার রোনালদো। কম্পোস্টেলাতে রোনালদোর সেই গোল, এখনো আমার চোখে ভাসে। আমার শিনপ্যাডে রোনালদোর নাম লিখে রেখেছিলাম, একদিন রোনালদোর মত বার্সায় খেলব এটাই স্বপ্ন ছিল। এরপর কী হল দেখুন!

ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কে বলতে পারে। একটু এদিক সেদিক হলেই আমি হয়ত এখনো ভেড়া চরাতাম মদ্রিচি গ্রামে। বা আমার দাদা লুকার মত গুলি খেয়ে পড়ে থাকতাম ভেলিবিট পর্বতের পাদদেশে। কোন একটা সার্বিয়ান বোমা যদি হোটেল কলোভারের ট্রেনিং গ্রাউন্ডে এসে পড়ত, ওইখানেই সমাধি হয়ে যেত ছোট লুকার। বা যেদিন হায়দুক আমাকে রিজেক্ট করল, সেদিন অপমানে রাগে দুঃখে মনে হয়েছিল ফুটবল ছেড়ে দেই – কত কিছুই তো হতে পারত তাই না?
অনেক কিছুই হতে পারত। এর মাঝে আমি লুকা মদ্রিচ যে আমার আইডল রোনালদোর মত ব্যালন দ’অর জিতে ফেলেছি। একসময়কার বার্সা ফ্যান আমি রিয়ালের হয়ে জিতে ফেলেছি ৫টা চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ক্রোয়েশিয়ার জার্সিতে, ক্যাপ্টেনের আর্মব্যান্ড হাতে চাপিয়ে খেলেছি বিশ্বকাপ ফাইনাল। অনেক কিছুই হতে পারত, এর মাঝে সবচেয়ে অসম্ভব যে ঘটনাগুলো ছিল, সেগুলোই হয়েছে।

জীবনটা অদ্ভুত, তাই না? ”








