রোহিত শর্মার হাত থেকে ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব এত দ্রুত শুভমন গিলের কাছে চলে যাওয়াটা ভারতীয় ক্রিকেট মহলে তৈরি করেছে বিশাল বিভ্রান্তি এবং বিতর্কের ঝড়। তরুণ গিলকে নেতৃত্বে বসানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন ট্রোলিং চলছে, ঠিক তখনই নীরবতা ভেঙে এই সিদ্ধান্তের সমর্থনে মুখ খুললেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। শামি শুধু বিসিসিআই এবং নির্বাচকদের সিদ্ধান্তকেই সমর্থন করেননি, বরং এই বাংলার তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরে দল থেকে তাঁর নিজের বাদ পড়ার কারণ নিয়েও স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে শামি এই সিদ্ধান্ত নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে বলেন, “এই বিষয়টা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, মিমও তৈরি হচ্ছে। আমার মনে হয়, এতে আপত্তি জানানোর কিছু নেই।” তিনি জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিসিসিআই, নির্বাচক এবং কোচদের সম্মিলিত ভাবনা। শামি মনে করিয়ে দেন, “শুভমানের ইংল্যান্ডে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, আইপিএলে গুজরাট টাইটান্সের দায়িত্বও সামলেছে। ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কাউকে না কাউকে তো এই দায়িত্ব দিতেই হত।” তিনি মনে করেন, বোর্ডের এই সিদ্ধান্তকে সকলের মেনে নেওয়া উচিত। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরে দলে সুযোগ না পাওয়া নিয়ে শামি তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, “এই বিষয়টি আমার হাতে নেই। এটা নির্বাচন কমিটি, কোচ এবং অধিনায়কের কাজ।” তবে এই অভিজ্ঞ বোলার জানান, তিনি সম্পূর্ণ প্রস্তুত এবং নিয়মিত অনুশীলন করছেন। তিনি দলীপ ট্রফিতে খেলেছেন এবং তাঁর ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই বলেও নিশ্চিত করেছেন।







