চিকিৎসা শিক্ষায় ভর্তির ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্র। ২০২৭ সাল থেকে NEET-PG এবং NEET-SS-এর ভর্তি প্রক্রিয়ায় আমূল সংস্কার হতে পারে। পার্সেন্টাইল-ভিত্তিক যোগ্যতার পরিবর্তে র্যাঙ্ক-ভিত্তিক মেধাতালিকা চালুর সুপারিশ করেছে ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) এই প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে।
বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী, ভর্তি প্রক্রিয়ায় প্রার্থীদের প্রকৃত মেধাক্রমকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, নন-ক্লিনিক্যাল কোর্সের ফি কমানো এবং নির্দিষ্ট ক্ষেত্রে সার্ভিস বন্ড থেকে ছাড় দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। এর মূল লক্ষ্য, মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ফাঁকা আসনের সংখ্যা কমানো এবং আরও বেশি পড়ুয়াকে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। তবে এই প্রস্তাবগুলি কার্যকর করতে চূড়ান্ত সিদ্ধান্ত ও সরকারি নির্দেশিকার অপেক্ষা রয়েছে।







