শিক্ষা

CUET-UG-তে দেশের সেরা দেবিনা গেহলট, মেয়ের সাফল্যে গর্বিত বিজেপি বিধায়ক কৈলাশ গেহলট

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা CUET-UG-তে এ বছর সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছেন দিল্লির দেবিনা গেহলট। তিনি বিজেপি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলটের মেয়ে। ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের আবহ গেহলট পরিবারে। তবে সাফল্যের কৃতিত্ব শুধু নিজের নয়, বাবা-মা, শিক্ষক ও পরামর্শদাতাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবিনা।

ফল প্রকাশের পর দেবিনা জানান, অল ইন্ডিয়া টপার হওয়া তাঁর কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত। তিনি বলেন, এই যাত্রা মোটেই সহজ ছিল না। দীর্ঘ প্রস্তুতির সময়ে মানসিক চাপ, উদ্বেগ এবং আত্মবিশ্বাসের টানাপোড়েনের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কিন্তু পরিবার এবং শিক্ষকদের অবিরাম সমর্থন তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

আগামী দিনের পরীক্ষার্থীদের উদ্দেশে দেবিনার বার্তা, নিজের উপর আস্থা রাখতে হবে এবং নিয়মিত পরিশ্রম করে যেতে হবে। তাঁর মতে, সাফল্য সবসময় তাৎক্ষণিকভাবে আসে না, তবে নিষ্ঠা ও অধ্যবসায়ের ফল একদিন না একদিন মিলবেই।

মেয়ের এই কৃতিত্বে আবেগপ্রবণ বিজেপি বিধায়ক কৈলাশ গেহলট বলেন, দেবিনার সাফল্য দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও একাগ্রতার ফসল। একজন অভিভাবক হিসেবে মেয়ের ফলাফলে গর্বিত হলেও, তার থেকেও বেশি আনন্দ হয় তাঁর বিনয়, সততা এবং মূল্যবোধ দেখে। একই সঙ্গে শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ, বন্ধু এবং পরিবারের সকলের অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত CUET-UG বর্তমানে দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অন্যতম প্রধান মাধ্যম। এ বছর প্রায় ১৫.৬৮ লক্ষ পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে প্রায় ১১.৬৪ লক্ষ পরীক্ষায় অংশ নেন। কঠিন প্রতিযোগিতার মধ্যে দেশের সেরা হয়ে উঠে দেবিনা গেহলট এখন বহু পড়ুয়ার কাছেই অনুপ্রেরণার নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.