পশ্চিমবঙ্গের শিক্ষা প্রশাসনে বড় পরিবর্তন। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির নেতৃত্বে এলেন নতুন মুখ। রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, পর্ষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লালু দাস। এত দিন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব সামলানো এই অধ্যাপকের হাতে এবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব।
নতুন কমিটিতে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে নীলাদ্রি শেখর সিংহকে। শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ১২ অক্টোবর, ২০২৭ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে এই কমিটি।
শুধু সভাপতি পদেই পরিবর্তন নয়, নতুন অ্যাড-হক কমিটিতে জায়গা পেয়েছেন মোট ১২ জন সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্ষদের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব সামলাবে এই কমিটি।
মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই রদবদলের পর নতুন কমিটির কাজকর্ম কোন পথে এগোয়, সেদিকেই নজর শিক্ষা মহলের। প্রশাসনিক স্তরে এই পরিবর্তনের প্রভাব আগামী দিনে পর্ষদের বিভিন্ন কাজে কতটা পড়ে, এখন সেটাই দেখার।







