শিক্ষা

ডিসেম্বরের মধ্যে বন্ধ হতে পারে প্রায় ৩০০ মাদ্রাসা, শোকজের মুখে আরও শতাধিক

বছর শেষ হওয়ার আগেই রাজ্যে আরও প্রায় ৩০০টি মাদ্রাসা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পড়ুয়া নেই এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে—এমন ২৫০টি সরকারি স্বীকৃত বেসরকারি মাদ্রাসা আগামী ডিসেম্বরের মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, ইতিমধ্যেই ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। পুজোর আগেই তাদের জবাব দিতে হবে। সেই জবাব সন্তোষজনক না হলে আরও অন্তত ৫০টির বেশি মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে। সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যে প্রায় ৩০০টি মাদ্রাসা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নবান্ন সূত্রে খবর, খারিজি মাদ্রাসাগুলিকে যেমন চলতে দেওয়া হবে না, তেমনই সরকারি স্বীকৃত বেসরকারি মাদ্রাসাগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো না থাকলেও সেগুলি বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যে ২৫২টি মাদ্রাসা বন্ধ করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান—এই জেলাগুলিতে বন্ধ হওয়া মাদ্রাসাগুলি রয়েছে।

এদিকে, আরও ১০০টি মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই প্রতিষ্ঠানগুলি নির্ধারিত নিয়ম মেনে পরিচালিত হচ্ছিল না। ফলে তাদের শোকজ করা হয়েছে।

রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর বক্তব্য, ডিসেম্বরেই শিক্ষা দফতরের শিক্ষাবর্ষের সেশন শেষ হয়। এরপর সংশ্লিষ্ট মাদ্রাসাগুলি বন্ধের জন্য নোটিস দেওয়া হবে। তাঁর দাবি, এই প্রতিষ্ঠানগুলিতে বর্তমানে নামমাত্র পড়ুয়া রয়েছে। তাই শিক্ষাবর্ষের মাঝপথে মাদ্রাসাগুলি বন্ধ করে দিলে পড়ুয়াদের ড্রপআউটের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।

রাজ্যের মাদ্রাসাগুলির পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই এক দফা সমীক্ষা হয়েছে। শিক্ষা দফতরের আধিকারিকরাই সেই সমীক্ষা চালিয়েছেন। এবার ফের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পড়ুয়ার সংখ্যা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে নতুন করে সমীক্ষা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.