গ্রীষ্মকালীন ছুটি শেষ করে সোমবার থেকে রাজ্যের স্কুলগুলিতে ফের শুরু হল পঠনপাঠন। সরকারি নির্দেশ অনুসারে, এদিন থেকে স্কুলের প্রার্থনা পর্বে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ গানটি গাইতে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড সময় লাগে। অন্যদিকে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাইতে লাগে ৫২ সেকেন্ড। ফলে দুটি গান একসঙ্গে পরিবেশন করতে মোট সময় লাগছে প্রায় ৪ মিনিট ২ সেকেন্ড। অনেক স্কুলে আবার নিজস্ব প্রার্থনা সঙ্গীতও রয়েছে, যার ফলে পুরো প্রার্থনা পর্বের সময়সীমা ১০ মিনিটেরও বেশি হতে পারে।
শিক্ষকদের একাংশের দাবি ছিল, ‘বন্দে মাতরম’-এর প্রথম দুটি স্তবক গাওয়ার অনুমতি দেওয়া হোক। তবে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ গানটিই গাইতে হবে। সেই নিয়ম মেনেই প্রথম দিন স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও।
অনেক শিক্ষক জানিয়েছেন, গরমের ছুটির সময় থেকেই পড়ুয়াদের গানটি শেখার জন্য বলা হয়েছিল। তবুও বেশ কিছু ছাত্রছাত্রীর এখনও পুরো গান মুখস্থ হয়নি। তাই তাদের সুবিধার জন্য আপাতত মোবাইলে গান বাজিয়ে সবাইকে সঙ্গে নিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হচ্ছে। কয়েকদিন এইভাবেই চর্চা চলবে। পরে অধিকাংশের গান মুখস্থ হয়ে গেলে রেকর্ড করা গান বাজানো বন্ধ করা হবে।
সরকারি নির্দেশ মেনে রাজ্যের মাদ্রাসাগুলিতেও ‘বন্দে মাতরম’ গাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সোমবার থেকেই মাদ্রাসাগুলিও খুলেছে। মাদ্রাসার কয়েকজন প্রধান শিক্ষকের মতে, গানটির প্রথম দুটি পংক্তি গাওয়ায় কোনও সমস্যা নেই। তবে সম্পূর্ণ গান গাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে তাঁদের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে। যদিও সরকারি নির্দেশিকা অনুসরণ করেই আপাতত সব মাদ্রাসা চলবে বলে জানিয়েছেন তাঁরা।







