দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার অনিয়মিত আগমনের জেরে খরিফ মরশুমের চাষাবাদ নিয়ে উদ্বেগ বাড়ছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে, পর্যাপ্ত বৃষ্টির অভাবে দেশের ১২টি রাজ্যের ১১১টি জেলায় এখনও ধান-সহ একাধিক ফসলের জন্য বীজতলা তৈরির কাজ শুরু করা যায়নি। ফলে চলতি মরশুমে ফসল উৎপাদনে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে দিল্লিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় গড়ে প্রায় ৪৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। কেন্দ্রের আশঙ্কা, দেশে মোট ৩২৮টি জেলায় খরিফ ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।
যে রাজ্যগুলি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্রে সাধারণত ১১ জুনের মধ্যে বর্ষা পৌঁছলেও এ বছর তা প্রায় ১২ দিন দেরিতে এসেছে। মুম্বই ও আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হলেও রাজ্যের বিস্তীর্ণ অংশ এখনও বৃষ্টির অপেক্ষায়।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই ভালো বলে সরকারি সূত্রের দাবি। যদিও রাজ্যের বেশ কিছু এলাকায় এখনও বীজতলা তৈরির কাজ শুরু হয়নি, ফলে ধান রোপণের সময়সূচিতে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে কেন্দ্রীয় রিপোর্টে বাংলাকে সংকটজনক অবস্থার রাজ্যগুলির তালিকায় রাখা হয়নি।
ভারতের কৃষি ব্যবস্থা মূলত বর্ষার উপর নির্ভরশীল। বিশেষ করে খরিফ মরশুমে উৎপাদিত ধান দেশের খাদ্য চাহিদার বড় অংশ পূরণ করে। তাই অনাবৃষ্টির প্রভাব মোকাবিলায় স্বল্প বৃষ্টিতেও ফলন দিতে সক্ষম ধানের বীজ দ্রুত কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। পাশাপাশি, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে বলেও কেন্দ্রের তরফে আশ্বস্ত করা হয়েছে।







