পবিত্র গঙ্গার বুকে নৌকায় বসে মদ্যপান ও মাংস রান্নার অভিযোগে বারাণসীতে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ উঠতেই দ্রুত পদক্ষেপ করে উত্তরপ্রদেশ পুলিশ। ইতিমধ্যেই পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে সংশ্লিষ্ট নৌকাটি।
প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে গঙ্গার মাঝখানে ভাসমান একটি নৌকার উপর উনুন জ্বালিয়ে বড় পাত্রে মাংস রান্না করা হচ্ছে। পাশাপাশি কয়েকজন যুবককে সেখানে বসে মদ্যপান করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে। অনেকেই দাবি করেন, পবিত্র গঙ্গার বুকে এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
এরপরই দশাশ্বমেধ থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। ভিডিওর সূত্র ধরেই দীপক কুমার, অজয় সাহানি, অরুণ কুমার সাহানি, অনুরাগ নিষাদ এবং রাহুল সাহানি নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভিডিওতে অভিযুক্তদের গায়ে শীতের পোশাক দেখা যাওয়ায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনাটি সাম্প্রতিক নয়, কয়েক মাস আগে ঘটেছিল। ভিডিও ভাইরাল হওয়ার পর বাজেয়াপ্ত হওয়া নৌকাটির মালিকানা নিয়ে রাজনৈতিক জল্পনাও শুরু হয়। যদিও পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতির প্রমাণ মেলেনি। নৌকার প্রকৃত মালিক কে, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর বারাণসীতে গঙ্গাকে কেন্দ্র করে একাধিক বিতর্কিত ঘটনার জেরে প্রশাসন আগেও কঠোর পদক্ষেপ করেছে। মার্চ মাসে গঙ্গার উপর নৌকায় ইফতার পার্টির ভিডিও ভাইরাল হওয়ার পর ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। আবার মে মাসে গঙ্গায় স্নান করতে করতে বিয়ার পান করার ভিডিও সামনে আসার পরও কড়া পদক্ষেপ নেওয়া হয়।
এই ঘটনার পর গঙ্গার পবিত্রতা বজায় রাখতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।







