তাইওয়ানের নির্বাচনে প্রভাব খাটাতে চিন AI-কে হাতিয়ার করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (DPP)। ‘তাইপেই টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, AI ব্যবহার করে ভুয়ো খবর, নকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং বিশ্বাসযোগ্য জাল অডিও-ভিডিও তৈরি করে নির্দিষ্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে।
DPP-র চায়না অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের দাবি, তাইওয়ানের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চিন দীর্ঘদিন ধরেই সাইবার হামলা, তথ্য-যুদ্ধ এবং ভুয়ো প্রচারের মতো কৌশল ব্যবহার করে আসছে। AI যুক্ত হওয়ায় এই প্রক্রিয়া আরও দ্রুত, সস্তা এবং নিখুঁত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ভোটারদের ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক পছন্দ ও অনলাইন আচরণ বিশ্লেষণ করে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আলাদা প্রচার তৈরি করা সম্ভব। স্থানীয় ভাষা ও বাচনভঙ্গি নকল করে ভুয়ো অ্যাকাউন্ট চালানো, পরিচিত ব্যক্তিদের ছদ্মবেশ ধারণ কিংবা অনলাইন গ্রুপে ঢুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কাও রয়েছে।
সবচেয়ে বড় উদ্বেগ ভোটের ঠিক আগে জাল কনটেন্ট ছড়ানো নিয়ে। DPP-র আশঙ্কা, ভোটের কয়েক ঘণ্টা আগে ভুয়ো অডিও, ভিডিও বা কোনও ‘কেলেঙ্কারি’র গল্প ছড়িয়ে দিলে তা যাচাই বা খণ্ডন করার আগেই ব্যাপক প্রভাব পড়তে পারে।
তাই ভোটারদের কোনও চাঞ্চল্যকর খবর বিশ্বাস করার আগে উৎস যাচাই এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং সংস্থার তথ্য দেখার পরামর্শ দিয়েছে DPP।







