বলিউডে ফের শোকের খবর। প্রয়াত জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্ত। সূত্রের খবর, শুক্রবার রাতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, বাড়ির বাথরুমে আচমকা পড়ে যান পরিচালক। এরপরই তাঁর মৃত্যু হয়। যদিও কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
হিন্দি ছবির জগতে অ্যাকশন ও ক্রাইম থ্রিলারকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন সঞ্জয় গুপ্ত। বিশেষ করে অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর জুটি দর্শকদের উপহার দিয়েছে একাধিক জনপ্রিয় ছবি। ‘কাঁটে’, ‘মুসাফির’, ‘জিন্দা’ এবং ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’র মতো সিনেমা তাঁর পরিচালনা জীবনের উল্লেখযোগ্য কাজ।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ ছবিটি বিশেষভাবে আলোচিত হয়েছিল। ১৯৯১ সালের লোখন্ডওয়ালা এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই ছবির সহ-লেখক ও প্রযোজকও ছিলেন তিনি। পরবর্তী সময়ে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির মাধ্যমেও বাস্তব ঘটনার সঙ্গে সিনেমার মেলবন্ধন ঘটান পরিচালক।
শুধু অ্যাকশন কিংবা অপরাধমূলক কাহিনিই নয়, অন্য ধরনের ছবিতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন সঞ্জয়। ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘জাজবা’, হৃতিক রোশন ও ইয়ামি গৌতমের ‘কাবিল’, ‘দশ কাহানিয়াঁ’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ এবং ‘মুম্বই সাগা’ তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে।
২০০১ সালে নিজের প্রযোজনা সংস্থা ‘হোয়াইট ফেদার ফিল্মস’ প্রতিষ্ঠা করেন তিনি। সেই সংস্থার মাধ্যমে একাধিক ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন। তাঁর পরিচালিত শেষ দিকের কাজের মধ্যে রয়েছে ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’ এবং ‘বিস্ফোট’।
পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে পোস্ট-প্রোডাকশন ও সাউন্ড ডিজাইনের কাজ করতেন সঞ্জয়। সহকারী পরিচালক হিসেবেও কাজের অভিজ্ঞতা ছিল তাঁর। পরবর্তীকালে নিজস্ব নির্মাণশৈলীর মাধ্যমে বলিউডে আলাদা পরিচিতি তৈরি করেন।
সঞ্জয় গুপ্তের প্রয়াণের খবরে স্বাভাবিকভাবেই শোকের আবহ চলচ্চিত্রমহলে। তাঁর তৈরি একাধিক জনপ্রিয় ছবি এবং স্বতন্ত্র সিনেমার ভাষাই তাঁকে দর্শকদের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে।







