দীপাবলিতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই এবার পরিবেশ সচেতনতার বার্তা দিলেন প্রবীণ অভিনেত্রী সোনি রাজদান। অভিনেত্রী আলিয়া ভট্টের মা সোনি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, উৎসবের আনন্দে যেন কেউ বাজি না পোড়ান। তাঁর বক্তব্য, আতশবাজির কারণে সৃষ্ট বায়ুদূষণ শিশুদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ছোট শিশুদের শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ে দূষণের কারণে।
সম্প্রতি অভিনেত্রী দিয়া মির্জার দীপাবলি সংক্রান্ত সচেতনতামূলক ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহেই সোনি রাজদানের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পরিবেশ এবং শিশুদের স্বাস্থ্যের প্রতি উদাসীনতাকে ‘অ্যান্টি-হেলথ’ ও ‘অ্যান্টি-ন্যাশনাল’ বলেও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, সকলকে পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়েছেন সোনি। উৎসবের আনন্দ যেন কারও স্বাস্থ্যের ক্ষতির কারণ না হয়ে ওঠে, সেই বার্তাই তুলে ধরেছেন অভিনেত্রী।







