দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। তবে অনুরাগীদের খুশির মাঝেই নেমে এল এক হতাশার খবর। ‘হেরা ফেরি ৩’-এ আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন বর্ষীয়ান অভিনেতা। সদ্য এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন, সৃজনশীল মতবিরোধের কারণে তিনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর সিদ্ধান্তে হতাশ হয়েছেন ভক্তরা, কারণ ‘হেরা ফেরি’-র বাবুরাও গণপতরাও আপটে চরিত্রটি আজও দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে।
ছবির প্রাথমিক ঘোষণার সময় অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। এমনকি তাঁদের ছবি দিয়েই প্রচারও শুরু হয়েছিল। পরিচালকের তরফেও জানানো হয়েছিল, এই তিনজনকে ছাড়া ‘হেরা ফেরি’ ভাবাই যায় না। তবে এখন এই ‘ত্রয়ী’-এর মধ্যে এক সদস্যের অনুপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত, ‘হেরা ফেরি’ প্রথম মুক্তি পেয়েছিল ২০০০ সালে এবং ২০০৬ সালে এসেছিল সিক্যুয়াল ‘ফের হেরা ফেরি’। প্রায় ১৯ বছর পর আসছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এই দীর্ঘ সময়ের মধ্যে দর্শকের প্রত্যাশাও কয়েকগুণ বেড়েছে।
আগে শোনা গিয়েছিল, ‘হেরা ফেরি ৩’-এ অক্ষয় কুমার থাকছেন না এবং তাঁর জায়গায় আসবেন কার্তিক আরিয়ান। কিন্তু পরে ট্রিও-র জনপ্রিয়তাকে মাথায় রেখে অক্ষয়, সুনীল এবং পরেশকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পরেশ রাওয়ালের এই সিদ্ধান্তে সিনেমার ভবিষ্যৎ কোন দিকে এগোয়, তা সময়ই বলবে। ‘হেরা ফেরি ৩’-এর পরিচালনায় রয়েছেন প্রিয়দর্শন, যিনি নিজেও জানিয়েছেন যে এই ছবিটি বানানো খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে। ভক্তরা এখন অপেক্ষায়, পরেশ রাওয়ালের পরিবর্তে কাকে নেওয়া হবে এবং চরিত্রটিতে কী পরিবর্তন আসবে, তা জানার।







