বিনোদন

তুষার কপূরের কাছে ৫ কোটি টাকা দাবি করে হুমকি-ফোন! বিশ্নোই গ্যাংয়ের যোগ নিয়ে ধোঁয়াশা

বলিউডে ফের হুমকি-ফোন ঘিরে চাঞ্চল্য। এ বার অভিনেতা তুষার কপূরের কাছে ৫ কোটি টাকা দাবি করে ফোন আসার অভিযোগ উঠেছে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছিল বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে সত্যিই ওই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নয় মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে হ্যারি বক্সার নামে এক ব্যক্তি তুষারকে ফোন করে হুমকি দেয়। বিষয়টি অভিনেতা পুলিশকে জানানোর পর তদন্ত শুরু করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা এবং তোলাবাজি দমন শাখা। অভিনেতার নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে খবর।

তদন্তকারীরা হুমকি-ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করেছেন। ডেটাবেসে থাকা হ্যারি বক্সারের কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ওই রেকর্ডিংয়ের মিল পাওয়া যায়নি। ফলে অন্য কেউ হ্যারি বক্সারের পরিচয় ব্যবহার করে ফোন করেছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, বিশ্নোই গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা হয়ে থাকতে পারে।

তবে এখনও পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিক ভাবে এফআইআর দায়ের হয়নি বলে জানা গিয়েছে। হুমকি দেওয়া ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকাকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সলমন খান-সহ একাধিক অভিনেতা হুমকি পেয়েছেন। অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই আবহে তুষার কপূরের কাছে এই হুমকি-ফোন নতুন করে উদ্বেগ বাড়াল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.