বিনোদন

টালিগঞ্জে নতুন ফেডারেশন গঠনের ভোট, স্টুডিওর বাইরে কড়া নজর মিঠুনের! কী বদলানোর আশ্বাস দিলেন অভিনেতা?

রাজ্যে পালাবদলের পর এবার নজর টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। নতুন সভাপতি নির্বাচনের লক্ষ্যে শুরু হয়েছে ফেডারেশনের ভোটগ্রহণ। শনিবার সকাল থেকেই টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দু’দিন ধরে চলবে এই নির্বাচন। আর গোটা প্রক্রিয়ার উপর নজর রাখতে স্টুডিওর বাইরে উপস্থিত রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

নির্বাচন ঘিরে যাতে কোনওরকম অশান্তি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। পুলিশ মোতায়েনের পাশাপাশি রয়েছে সিসিটিভি নজরদারিও। মিঠুনের কথায়, এবার সংবিধান মেনে কাজ করতে হবে। অতীতে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি আর বরদাস্ত করা হবে না। বাংলা ছবির ব্যবসা অনেকটাই পিছিয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে ৩০ শতাংশ সাবসিডি দেওয়া হচ্ছে এবং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

**বাংলায় বাড়াতে হবে শুটিং, বার্তা মিঠুনের**

বাংলার চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী মিঠুন। তাঁর বক্তব্য, বাংলায় প্রোডাকশন বাড়াতে হবে, যাতে বাইরের প্রযোজকরাও এখানে শুটিং করতে আগ্রহী হন। পাহাড়, সমুদ্র থেকে জঙ্গল—এত বৈচিত্র্যময় লোকেশন অন্যত্র সহজে পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইম্পার নির্বাচন নিয়েও অপেক্ষায় রয়েছেন বলে জানান।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াই তাঁর প্রধান লক্ষ্য। মিঠুনের স্পষ্ট বার্তা, কোনও ঝগড়া বা মারামারি তিনি চান না।

অন্যদিকে, রুদ্রনীল ঘোষ জানান, লেবার কমিশনের নিয়ম মেনেই নির্বাচন হচ্ছে। যোগ্য প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিরাই ভোট দিতে পারছেন। রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি নেই বলেও জানান তিনি।

নতুন ফেডারেশন গঠনের পর টেকনিশিয়ানদের কার্ড বন্ধ করা, বাতিল করা কিংবা কার্ড না দেওয়ার মতো বিষয়গুলির নিয়ম সংশোধনের আশাও প্রকাশ করেছেন রুদ্রনীল।

সব মিলিয়ে, টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পে নতুন করে কাজের পরিবেশ তৈরি এবং বাংলা ছবির উৎপাদন বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ। এই নির্বাচন সেই পরিবর্তনের পথে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর স্টুডিওপাড়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.