ভোটার তালিকা সংশোধন নিয়ে , ফের কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য , নির্বাচন কমিশনের তরফে প্রস্তাবিত SIR কে নরেন্দ্র মোদীর সরকার যদি সমর্থন করে , সেক্ষেত্রে নৈতিকতার বিচারে লোকসভা ভেঙে , আবার নির্বাচন হওয়া উচিত । বুধবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে অভিষেক বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ।
অভিষেক ব্যানার্জির কথায়, “নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্ট ভুল এবং বেনিয়মে ভরা। প্রশ্ন হল, এক বছর আগে তো এই ভোটার তালিকাতেই লোকসভা নির্বাচন হয়েছে। সত্যিই যদি ভারত সরকার নির্বাচন কমিশনের এই বক্তব্যকে সমর্থন করে থাকে তাহলে সরকারও এগিয়ে আসুক। নৈতিকতার খাতিরে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। যদি সত্যিই কেউ SIR-কে সমর্থন করেন, তাহলে তো বলতে হবে এই দেশের জনতার সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”
তবে শুধু কেন্দ্রের বিজেপি সরকার নয় , নির্বাচন কমিশনকেও চ্যালেঞ্জ করেছেন অভিষেক । তার বলেন , “বর্তমান নির্বাচন কমিশনার যদি সত্যিই নিজেকে নিরপেক্ষ বলে মনে করেন, তাহলে শুধু ভোটমুখী রাজ্যগুলিতে সংশোধন না করিয়ে গোটা দেশে SIR করুন। যদি সত্যিই নিরপেক্ষ হন, তাহলে ক্রোনোলজিটা বুঝুন। প্রথমে লোকসভা ভেঙে দিন। গোটা দেশে এসআইআর করুন তারপর নির্বাচনে যান। মানুষের মুখোমুখি হন।” এবার SIR ইস্যু নিয়ে যখন তুঙ্গে রাজ্য রাজনীতি, সেই সময় দাঁড়িয়ে অভিষেকের চ্যালেঞ্জে বিজেপির কি উত্তর হয়, সেটাই এখন দেখার ।







