দীর্ঘ প্রায় আট বছরের সাসপেনশন কাটিয়ে অবশেষে চাকরিতে পুনর্বহাল হলেন উত্তরপ্রদেশের ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার জসবীর সিংহ। ২০১৯ সালের জানুয়ারিতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের কার্যকারিতা ও এনকাউন্টার নীতি নিয়ে প্রশ্ন তোলা এবং বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত থাকার অভিযোগে ওই বছরের ১৪ ফেব্রুয়ারি তাঁকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। সাসপেনশন চলাকালীন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার উদ্যোগ নেওয়া হলেও, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়।
তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে হোম গার্ড ও খাদ্যশস্য দুর্নীতি ফাঁস করা এবং প্রাক্তন মন্ত্রী রাজা ভাইয়া ও তৎকালীন সাংসদ যোগী আদিত্যনাথের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে জসবীর সিংহ বারবার শিরোনামে এসেছেন। দীর্ঘ সাসপেনশনের কারণে এতদিন তাঁর পদোন্নতি আটকে থাকলেও, এবার পুনর্বহালের পর তাঁকে ডিরেক্টর জেনারেল (DG) পদে উন্নীত করে শীঘ্রই নতুন দায়িত্ব দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।







