চাকরি

বাংলায় বিনিয়োগে আম্বানি গোষ্ঠী, ডিসেম্বরেই হরিণঘাটায় ক্যাম্পা কোলার কারখানার ভূমিপুজো, থাকছে বহু কর্মসংস্থানের সুযোগ

চলতি বছরেই পশ্চিমবঙ্গে বড়সড় বিনিয়োগ করতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। আগামী ডিসেম্বর মাসেই নদিয়ার হরিণঘাটায় ক্যাম্পা কোলার নতুন কারখানার ভূমিপুজো অনুষ্ঠিত হবে। বুধবার রাতে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার রাতে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যে একের পর এক শিল্প বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আদানি আরোগ্য মন্দির করা হয়েছে। ডিসেম্বরের শুরুতে ক্যাম্পা কোলা আসছে। জানুয়ারিতে জিন্দলের ভূমিপূজো। শিল্পপতিরা বিনিয়োগ করবে। ছোট ছোট ব্যবসায়ীদেরও খেয়াল রাখতে হবে।”

রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম প্রধান কারণ ছিল শিল্পের অভাব এবং কর্মসংস্থানের সংকট। বিজেপি ক্ষমতায় আসার আগে বাংলার শিল্পক্ষেত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই লক্ষ্যেই বর্তমান সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে বলে দাবি। ইতিমধ্যেই লাক্স কোজির নতুন কারখানা এবং আমূলের উৎপাদন কেন্দ্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

রাজ্যে শিল্প ও বাণিজ্যে লগ্নি টানতে মুকেশ আম্বানি থেকে শুরু করে গৌতম আদানির মতো শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে হাসপাতাল তৈরির কাজ করছে আদানি গোষ্ঠী। এবার সেই বিনিয়োগের তালিকায় যুক্ত হতে চলেছে রিলায়েন্সের ক্যাম্পা কোলা প্রকল্প। ডিসেম্বরের শুরুতেই হরিণঘাটায় এই কারখানার ভূমিপুজো হওয়ার কথা।

এই নতুন শিল্পপ্রকল্প ঘিরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। কারখানায় সরাসরি চাকরির সুযোগ তৈরির পাশাপাশি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ঘটতে পারে। ফলে হরিণঘাটার পাশাপাশি আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.