চাকরি

সরকারি কর্মীদের জন্য নয়া সুবিধা, এবার আগাম বেতন তোলার সুযোগ! কী কী শর্ত থাকছে?

চিকিৎসার প্রয়োজন, সন্তানের শিক্ষার খরচ কিংবা আচমকা পারিবারিক আর্থিক সংকট—এমন নানা পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার থেকে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বেতনের টাকা তোলার সুযোগ পাবেন সরকারি কর্মীরা। এই সুবিধা চালু করতে ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’ নামে একটি নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। মূলত রাজ্য প্রশাসনের স্থায়ী কর্মীদের জন্যই এই ব্যবস্থা কার্যকর হবে।

অর্থ দপ্তরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত সমস্ত সমতুল পদে কর্মরত আধিকারিক ও কর্মীরা নির্দিষ্ট নিয়ম মেনে অগ্রিম বেতনের জন্য আবেদন জানাতে পারবেন। অর্থ দপ্তরের ই-গভর্ন্যান্স গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হবে গোটা প্রক্রিয়া।

নতুন এই প্রকল্পে দুটি পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমটি হল স্বল্পমেয়াদি অগ্রিম বেতন বা ‘শর্ট-টার্ম অ্যাডভান্স’। দ্বিতীয়টি দীর্ঘমেয়াদি কিস্তিতে টাকা নেওয়ার সুবিধা, অর্থাৎ ‘মাল্টি-মান্থ অ্যাডভান্স’।

স্বল্পমেয়াদি ব্যবস্থায় কোনও কর্মী সংশ্লিষ্ট মাসে তাঁর মোট প্রাপ্য বেতনের সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম নিতে পারবেন। তবে নেওয়া অর্থ ৬০ দিনের মধ্যে অথবা পরবর্তী বেতন চক্রের মধ্যেই ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করলে কোনও সুদ দিতে হবে না। এমনকী, প্রসেসিং, প্ল্যাটফর্ম কিংবা কনভেনিয়েন্স ফি-ও ধার্য করা হবে না। তবে কর্মীর তরফে প্রয়োজনীয় তথ্য দিতে দেরি হলে সর্বোচ্চ ১ শতাংশ ট্রানজাকশন ফি নেওয়া হতে পারে। অন্যদিকে, সরকারি দপ্তর বা ডিডিও-র গাফিলতিতে দেরি হলে অতিরিক্ত কোনও চার্জ দিতে হবে না।

দীর্ঘমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে টাকা ফেরতের জন্য ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তির সুবিধা মিলবে। তবে সংশ্লিষ্ট কর্মীর অবসরের নির্ধারিত বয়সের পর এই ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো যাবে না। ঋণদাতা সংস্থার ঝুঁকি মূল্যায়ন এবং রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনেই ঋণের পরিমাণ নির্ধারিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ঋণের পরিমাণ হতে পারে কর্মীর মাসিক মোট বেতনের ৩০ গুণ। তবে মাসিক কিস্তি বা ইএমআই কোনওভাবেই মোট বেতনের ৫০ শতাংশের বেশি হতে পারবে না।

ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল লেন্ডিংয়ের নিয়ম মেনে কর্মীদের ‘কি ফ্যাক্ট স্টেটমেন্ট’ দেওয়া হবে। সেখানে সুদের হার এবং অন্যান্য চার্জ সম্পর্কে আগাম বিস্তারিত জানানো থাকবে। নির্ধারিত সময়ের আগেই ঋণের সম্পূর্ণ টাকা ফেরত দিলেও কোনও ফোরক্লোজার বা প্রি-পেমেন্ট চার্জ দিতে হবে না।

তবে এই প্রকল্পে একসঙ্গে একাধিক সুবিধা নেওয়ার সুযোগ থাকছে না। কোনও কর্মী একই সময়ে একটি অ্যাডভান্স সুবিধাই চালু রাখতে পারবেন। আগের নেওয়া টাকার সম্পূর্ণ হিসাব মিটিয়ে দেওয়ার পরেই নতুন করে আবেদন করা যাবে।

প্রশাসনিক স্বচ্ছতা ও সহজে পরিষেবা পৌঁছে দিতে গোটা ব্যবস্থাকে ডব্লিউবিআইএফএমএস এবং এইচআরএমএস পোর্টালের সঙ্গে সংযুক্ত করা হবে। কর্মীর ডিজিটাল সম্মতি নিয়েই প্রতি মাসে বেতন থেকে কিস্তির টাকা কেটে নেওয়া হবে। কোনও কর্মী চাকরি ছেড়ে দিলে কিংবা অবসর গ্রহণ করলে তাঁর চূড়ান্ত প্রাপ্য অর্থের সঙ্গে বকেয়া টাকা সমন্বয় করে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.