করোনা এবং গরম পাল্লা দিয়ে বাড়ছে। এই দুই বিষয় এখন রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্য সরকার খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এনিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবকে এখনই সরকারিভাবে মানুষকে সতর্ক করে অ্যাডভাইসারি প্রকাশ করতে নির্দেশ দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষ প্রতিরোধে মাস্ক যাতে ব্যবহার করে, সে ব্যপারে পরমার্শ দিতে হবে”। একইসঙ্গে তিনি বলেন সরকারি প্রতিষ্ঠানে স্যানিটাইজেশন ব্যবস্থা চালু করতে।
মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতির উপরে নজর রাখুন। আতঙ্ক না ছড়িয়ে প্রতিরোধমূলক প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। পুরসভাগুলিকে স্যানিটেশনের কাজে যুক্ত করতে হবে”।
অন্যদিকে ইতিমধ্যেই স্কুল, কলেজ ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশে সাত দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এমনকি গরমের দুপুরে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর কথাও বলেছেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১১ জন৷ সক্রিয় রোগীর সংখ্যা ৬০ হাজার ৩১৩৷ তবে ২৭ জনের মৃত্যু হয়েছে।







