নিশ্চয়তার ছাদ পেতে রাজ্যবাসীর সামনে খুলে গেল এক নতুন দরজা। নিউ টাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল দুই নতুন আবাসন প্রকল্প— ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’। লক্ষ্য একটাই— রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিক দিক থেকে দুর্বল শ্রেণির নাগরিকদের মাথার উপর নিরাপদ আশ্রয় নিশ্চিত করা।
‘নিজন্ন’ প্রকল্পে তৈরি হয়েছে এক কামরার ৪৯০টি ফ্ল্যাট, প্রতিটিই প্রায় ৩০০ বর্গফুটের। এই ফ্ল্যাটগুলি মূলত EWS (Economically Weaker Section)-এর জন্য। অন্যদিকে, ‘সুজন্ন’ প্রকল্পের আওতায় রয়েছে LIG (Lower Income Group)-এর উপযোগী ৬২০ বর্গফুটের দুই কামরার ৭২০টি আধুনিক ফ্ল্যাট।
প্রায় ২৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দুটি প্রকল্প গড়ে উঠেছে নিউ টাউনের প্রায় সাত একর জমিতে। রাজ্য সরকার জমি দিয়েছে বিনামূল্যে, আর আবেদন প্রক্রিয়াও রেখেছে সম্পূর্ণ অনলাইন। ওয়েস্ট বেঙ্গল হাউসিং বোর্ডের ওয়েবসাইট https://www.wbhousingboard.in-এ গিয়ে ১ আগস্ট ২০২৫ থেকে আবেদন করা যাচ্ছে। ফ্ল্যাট বরাদ্দ হবে লটারির মাধ্যমে।
বাজার দরের তুলনায় অনেক কম খরচে শহরের প্রাণকেন্দ্রে আধুনিক ফ্ল্যাট পাওয়ার সুযোগ করে দিয়েছে এই উদ্যোগ। মুখ্যমন্ত্রীর কথায়, “প্রত্যেক মানুষের নিজের ঘর থাকা প্রয়োজন। আমরাই সেই স্বপ্ন বাস্তব করে তুলতে চাই।”







