চেন টেনে ট্রেন থামানোর অভিযোগে পুণ্যার্থীরা গ্রেফতার ! রেল পুলিশ গ্রেফতার করেছে তাদের । ঘটনা গত ২৭ জুলাইয়ের । উদ্দেশ্য ছিল জল্পেশ মন্দির যাওয়া । সেই কারণে যাত্রাপথ কমাতে তিস্তা ব্রিজের ওপর , চেন টেনে ট্রেন দার করানো হয় । এই চেন পুলিং এ ট্রেনের ভালব খুলে যায় । তারপর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কার্যত রেল ব্রিজের ওপর হামাগুড়ি দিয়ে ট্রেনের ভালব ঠিক করেন ।
সেই ঘটনার কয়েকদিন পার হতে না হতেই ফের রবিবার বিকালে দেখা যায় একই ঘটনা । বেশ কিছু পুণ্যার্থী চেন টেনে ট্রেন থামিয়ে দেন । তারপর পুণ্যার্থীরা ট্রেন থেকে নেমে যান । কিন্তু রেল পুলিশও সতর্ক ছিল , তাই সঙ্গে সঙ্গেই পাকড়াও করা হয় ওই যাত্রীদের । রেল পুলিশের আধিকারিকরা , ওই যাত্রীদের আটক করে জলপাইগুড়ি রোড স্টেশন থানায় নিয়ে যায় ।
আরপিএফ সূত্রে খবর , ৮ জন যাত্রীকে আটক করা হয় । তারা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বাসিন্দা। ধৃতদের মধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় এবং গ্রেফতার করা হয় ৩ জনকে । যদিও তারা পি আর বন্ডে জামিন পেয়েছেন বলে খবর । আরপিএফ ইন্সপেক্টরের কথায় , তিস্তা রেল সেতুর উপরে এইভাবে ট্রেন থামিয়ে দেওয়া অনভিপ্রেত। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ট্রেন দার করিয়ে , ট্রেন থেকে নামা কখনই ঠিক নয়।







