জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক (Satyapal Malik) সম্প্রতি পুলওয়ামা হামলা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন।
তিনি বলেছিলেন, পুলওয়ামা হামলায় যে নিরাপত্তায় গলদ ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তা নিয়ে বাইরে কোথাও কথা বলতে নিষেধ করেছিলেন।
গত শুক্রবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল এমনই বিস্ফোরক মন্তব্য করেন। তারপরেই বিরোধীরা পুলওয়ামা হামলা নিয়ে সরব হয়েছেন। তারা এতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন।
বিরোধীরা দাবি করেছেন মোদী সরকার ২০১৯ সালে লোকসভা ভোটের ফায়দা তুলতেই পুলওয়ামা হামলাকে ব্যবহার করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালে ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। তারপরেই মোদী সরকার সার্জিকাল স্ট্রাইকের ঘটনা ঘটায়।
এমনকি বিজেপি দেশ জুড়ে দেশভক্তির স্লোগান তোলে। বিরোধীদের কোনঠাসা করতে মুহূর্ত সময় লাগেনি।
তবে বিরোধীরা অভিযোগ করেছে এই দেশপ্রেমের রাজনীতিতে ভর করেই ২০১৯ সালে ভোট বৈতরণী বিজেপি পার করেছে।
প্রসঙ্গত, সোমবারেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন, পুলওয়ামা হামলায় কেন কেন্দ্রীয় এজেন্সি দিতে তদন্ত করানো হল না? কেন মোদী সরকারের বিরুদ্ধে নিরপত্তায় গলদ রাখার অভিযোগে তদন্ত হল না?
এমনই সব প্রশ্ন তুলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে পুলওয়ামা হামলার তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।







