জেলা

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুর পাশে ‘উলফ’, ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

পশ্চিম মেদিনীপুর: শারীরিক অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কারণে প্রায় তিন মাস নিষ্ক্রিয় থাকার পর পুনরায় সক্রিয় ভূমিকায় ফিরল পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড-এন্ড আদার লাইফ ফাউন্ডেশন (উলফ)। রবিবার মানবিক উদ্যোগে সেরিব্রাল পালসি আক্রান্ত এক হতদরিদ্র শিশুর পরিবারের পাশে দাঁড়াল সংস্থাটি।

জানা গিয়েছে, গরবেতা ২ নম্বর ব্লকের পিয়াশালা গ্রামের এক দরিদ্র পরিবারের ছোট্ট ছেলে দীর্ঘ কয়েক বছর ধরে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত। নিয়মিত চিকিৎসা ও বিশেষ যত্নের প্রয়োজন হলেও আর্থিক অনটনের কারণে পরিবারটি যথাযথ চিকিৎসা করাতে পারছিল না। বিষয়টি জানতে পেরে উলফের সদস্যরা আক্রান্ত পরিবারের বাড়িতে যান এবং পাশে থাকার আশ্বাস দেন।

রবিবার মেদিনীপুর শহরে সংস্থার সম্পাদক দেব কুমার দাসের নিজস্ব কার্যালয়ে শিশুটির বাবা গোপাল খামরুইয়ের হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

শিশুটির বাবা জানান, শুধুমাত্র একদিনের জন্য নয়, গত কয়েক মাস ধরেই উলফ আর্থিক সহায়তা, খাদ্য সামগ্রী এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এই সহায়তা তাঁদের কঠিন সময়ে ভরসা জুগিয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক দেব কুমার দাস, বিশিষ্ট আইনজীবী অভিজিৎ সামন্ত, বেলদা কলেজের অধ্যাপক অংশুমান দাস চৌধুরী সহ উলফের অন্যান্য সদস্যরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.