সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় ছবিটি। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শ্রীচৈতন্যরূপী লুক। এবার সামনে এল তাঁর নটী বিনোদিনী লুক। নতুন লুকে শুভশ্রীকে দেখা গেল কপালে টিপ, মাথায় খোঁপা ঢাকা ঘোমটা, কুচি দেওয়া ব্লাউজ, সাবেকি শাড়ি ও ভারী গয়নায়। হুবহু যেন জীবন্ত হয়ে উঠেছে ‘নটী বিনোদিনী’। ছবির নির্মাতারা এই লুকের একটি কোলাজ প্রকাশ করেছেন, যেখানে ঐতিহাসিক বিনোদিনীর একটি ছবির পাশে শুভশ্রীর রূপটিও রয়েছে।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,”দেহ পট সনে নট সকলি হারায়…”। এই ছবিতে তিনটি সময়কালকে এক সুতোয় বেঁধে তুলে ধরার পরিকল্পনা করেছেন পরিচালক, যেগুলি হল শ্রীচৈতন্যর যুগ, নটী বিনোদিনী-গিরিশ ঘোষের সময়কাল এবং বর্তমান সময়। শ্রীচৈতন্যের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত, আর বিষ্ণুপ্রিয়ার চরিত্রে থাকছেন আরাত্রিকা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় ‘নটী বিনোদিনী’র ভূমিকায় অভিনয় করছেন। ঐতিহাসিকভাবে বিনোদিনীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ‘চৈতন্যলীলা’, এবং ছবিতেও সেই দৃশ্য গুরুত্ব পাবে। ছবির কাহিনির ভেতরে আরেকটি ছবির গল্প থাকবে, যেখানে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তও শ্রীচৈতন্য রূপে অভিনয় করবেন।
এছাড়াও, প্রকাশ্যে এসেছে ইশা সাহার লুক। প্রথমে অনেকেই ধারণা করেছিলেন ইন্দ্রনীলের স্ত্রীর চরিত্রে তাঁকে দেখা যাবে, কিন্তু তা ভুল। ইশা রয়েছেন একজন চলচ্চিত্র নির্দেশকের ভূমিকায়। ইন্দ্রনীলের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবির মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু এবং কস্টিউম ডিজাইন করেছেন সাবর্ণী দাস। ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ছবির শ্যুটিং শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। কলকাতার পাশাপাশি পুরীর রথযাত্রার সময়েও শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ছবিটির প্রযোজনায় যৌথভাবে রয়েছেন রানা সরকার ও এসভিএফ। প্রতীক্ষায় এখন দর্শক, পর্দায় কেমন রূপে ধরা দেন ‘নটী’ শুভশ্রী ও সৃজিতের এই সময়পথে বাঁধা নতুন গল্প।







